কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্লাস্টিকের বস্তায় লুকিয়ে প্রায় ৩ লাখ টাকা মূল্যের গাঁজা বহনের সময় রুবিনা খাতুন (৪৬) নামে এক নারী কারবারিকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৩ জুলাই) বিকেলে কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক রুবিনা খাতুন ভৈরব উপজেলার কালিপুর গ্রামের আকবর আলীর স্ত্রী।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১২ জুলাই) রাতে কুলিয়ারচর থানা পুলিশের মোবাইল ডিউটি ও মাদকবিরোধী বিশেষ অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ভৈরব থেকে একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে বাজিতপুর উপজেলার সরারচর এলাকায় বিক্রির উদ্দেশ্যে গাঁজা নেওয়া হচ্ছে।
খবর পেয়ে কুলিয়ারচর থানার একটি দল উপজেলার উসমানপুর ইউনিয়নের কোনাপাড়া এলাকায় কাশেম মিয়ার মুরগির ফার্মের সামনে চেকপোস্ট স্থাপন করে। পরে সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাটি থামিয়ে তল্লাশি চালানো হলে প্লাস্টিকের চটের বস্তার ভেতর কসটেপে মোড়ানো বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবিনা খাতুন বিক্রির উদ্দেশ্যে গাঁজা বহনের কথা স্বীকার করেছেন। এছাড়া তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় রুবিনা খাতুনের বিরুদ্ধে কুলিয়ারচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক কারবার নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসএইচএ
