বিজ্ঞাপন

তিন ঘণ্টা পর ঢাকা-উত্তরবঙ্গ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

তিন ঘণ্টা পর ঢাকা-উত্তরবঙ্গ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

‎পাবনার ঈশ্বরদীতে লাইনচ্যুত ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেন তিন ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। তবে লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিকল্প হিসেবে ঈশ্বরদী স্টেশন হয়ে সব ট্রেন চলাচল করছে।

‎সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে, বিকেল ৪টার দিকে লাইনচ্যুতির ঘটনা ঘটে।‎

‎ঈশ্বরদী বাইপাস স্টেশন মাস্টার আব্দুল আলিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, একতা এক্সপ্রেস উদ্ধার করা হয়েছে, তবে লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই লাইনে ট্রেন চলাচল এখনো বন্ধ। মেরামতের কাজ চলছে। তবে বিকল্প হিসেবে ঈশ্বরদী স্টেশন হয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

‎এদিকে এ ঘটনায় পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) মোশাররফ হোসেন ভূঁইয়াকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের পাকশী বিভাগের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মোসা. হাসিনা খাতুন বলেন, একতা এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী বাইপাস স্টেশনে প্রবেশের সময় লাইনচ্যুত হওয়ার ৩ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে। লাইনচ্যুত হওয়ার একটু পরেই পাওয়ার কার এবং একটি বগি রেখে ট্রেনটি পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে যায়। এ ছাড়া ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি আগেই বিকল্প স্টেশন দিয়ে পার করে দেওয়া হয়। যাত্রীদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখপ্রকাশ করেন তিনি।

এএমকে