বিজ্ঞাপন

জাপান প্রবাসীর গাড়িতে ডাকাতি, লুট হওয়া স্বর্ণসহ গ্রেপ্তার ৫

জাপান প্রবাসীর গাড়িতে ডাকাতি, লুট হওয়া স্বর্ণসহ গ্রেপ্তার ৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক জাপান প্রবাসীর কাছ থেকে ডাকাতির ঘটনায় লুট হওয়া সাড়ে আট ভরি স্বর্ণালংকার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ডাকাত দলের প্রধানসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে পৃথক অভিযানে বন্দরের একটি বিদ্যুৎকেন্দ্র থেকে লুট হওয়া একটি শটগান উদ্ধার ও ডাকাত দলের প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি।

তিনি বলেন, গত ৮ জুলাই জাপান প্রবাসীর পরিবার নিয়ে ঢাকার উদ্দেশে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজা এলাকায় গাড়ি থামিয়ে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে ডাকাতরা।

এ ঘটনায় চট্টগ্রামের জোরারগঞ্জ এলাকা থেকে ডাকাত দলের প্রধান কবির হোসেনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে লুট হওয়া সাড়ে আট ভরি স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে। তবে এ মামলার আরও এক আসামি পলাতক রয়েছেন।

এ ছাড়া গত ২ জুলাই বন্দরের ১১০ কেভি বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়ে আনসার সদস্যদের কাছ থেকে দুটি শটগান লুট করে ডাকাতরা। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে রূপগঞ্জ থেকে ডাকাত দলের প্রধান ফারুক হোসেন ওরফে আইস ফারুককে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে লুট হওয়া একটি শটগান উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। তাদের মধ্যে কয়েকজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অন্যদের জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া চলছে।

মো. মীমরাজ হোসেন/এএমকে

বিজ্ঞাপন