রংপুরে বিদ্যুৎ বিভাগের চুরি যাওয়া তারসহ ১৬ মণ তামার তার উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) রাতে মেট্রোপলিটন পুলিশের ডিবি কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী।
তিনি বলেন, নগরীতে বেশ কিছুদিন ধরে বিদ্যুৎ বিভাগের তার, সরকারি হাসপাতাল, মসজিদ, বাসাবাড়ির এসির তারসহ বিদ্যুতের তার চুরি হচ্ছিল। এ নিয়ে গোয়েন্দা বিভাগ তৎপরতা বাড়ালে গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার সন্ধ্যায় নগরীর সাতমাথা এলাকায় অভিযান চালিয়ে নগরীর পাটবাড়ি এলাকার হেলাল মিয়ার ছেলে উকিল মিয়াকে আটক করা হয়।
এ সময় ট্রাকে ভাঙ্গারি মালের ভেতরে লুকিয়ে রাখা ১৬ মণ তামার তার উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতিসহ তামার তার চুরি চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যহত রাখার কথা জানিয়েছে পুলিশ।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তামার তার ও পাইপগুলো ভাঙ্গারি ব্যবসায়ীদের কাছ থেকে উকিল মিয়া কিনে সাতমাথায় তার আস্তানায় রাখেন। এরপর তিনি ঢাকার বাবু বাজারে পাঠিয়ে দেন। আমরা ট্রাকসহ চোরাই তামার তার উদ্ধার করেছি। তামার তার চুরি চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
ফরহাদুজ্জামান ফারুক/এএমকে
