ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় জমি ও পারিবারিক পূর্ববিরোধকে কেন্দ্র করে সংঘটিত পাল্টাপাল্টি হামলার ঘটনায় আহত এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এর আগে, একই ঘটনায় রোববার একরামুল (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রোববার (১২ জুলাই) দুপুর আড়াইটার দিকে তারাকান্দা উপজেলার ৭ নম্বর রামপুর ইউনিয়নের মাধবপুর পূর্বপাড়া এলাকায় জনৈক সাদির উদ্দিনের পরিত্যক্ত জমি সংলগ্ন খিচা-মোনাটি সড়কে পূর্বশত্রুতার জেরে উপজেলার নাগুয়া এলাকার মৃত ওসমান গণির ছেলে আকরাম হোসেন (৪৮)-এর ওপর হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, তার ভাতিজা আল-আমিন, আইনুল ও অজ্ঞাতনামা কয়েকজন তাকে পথরোধ করে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনার জেরে একই দিন বিকেল আনুমানিক সাড়ে ৪টায় নিহত আকরামের পরিবারের সদস্য ও গোষ্ঠীর লোকজন অভিযুক্ত আল-আমিনের বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তারা বাড়িঘর ভাঙচুর করে এবং বাড়িতে থাকা আল-আমিনের মা নুরজাহান (৭০)-কে পেয়ে মাথায় ধারালো দেশীয় অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে গুরুতর আহত করে।
পরে পরিবারের সদস্যরা গুরুতর আহত নুরজাহানকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোবারক হোসেন বলেন, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সাখাওয়াত সুমন/এসএইচএ
