বিজ্ঞাপন

মুহুরী নদীর পানি কমলেও লোকালয়ে ঢুকছে পানি

মুহুরী নদীর পানি কমলেও লোকালয়ে ঢুকছে পানি

টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে বৃদ্ধি পাওয়া মুহুরী নদীর পানি কমতে শুরু করলেও ফেনীর ফুলগাজী উপজেলার দুইটি পয়েন্টে লোকালয়ে পানি প্রবেশ করেছে। 

গত সোমবার (১৩ জুলাই) দিনভর মুহুরী নদীর পানির উচ্চতা বাড়তে থাকায় উপজেলার জগতপুর ব্রিজের দক্ষিণে মনিপুর এলাকায় নিচু অংশে সড়ক উপচে লোকালয়ে পানি প্রবেশ করে। একই সময়ে আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর এলাকাতেও নিচু অংশ দিয়ে লোকালয়ে পানি ঢুকতে দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নতুন মুন্সিরহাট-আমজাদহাট সড়কের জগতপুর ব্রিজসংলগ্ন মনিপুর এলাকায় প্রায় ৬০ থেকে ৬৫টি পরিবারের বসবাস। লোকালয়ে পানি প্রবেশ করায় নিম্নাঞ্চলের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। দক্ষিণ ধর্মপুর এলাকার বাসিন্দারাও পানি ঢুকতে শুরু করায় আতঙ্কে রয়েছেন।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৬টায় মুহুরী নদীর পানির স্তর ছিল ৯ দশমিক ৩৫ মিটার। দিনভর পানি বেড়ে সন্ধ্যা ৬টায় তা ১১ দশমিক ৬৪ মিটারে পৌঁছে। পরে পানি কমতে শুরু করে। সর্বশেষ রাত ১১টায় নদীর পানির স্তর রেকর্ড করা হয় ১১ দশমিক ৪৬ মিটার। নদীটির বিপৎসীমা ১২ দশমিক ৫৫ মিটার।

ফুলগাজী উপজেলা প্রকৌশলী সৈয়দ আসিফ মোহাম্মদ বলেন, মনিপুর অংশ দিয়ে যে পথে পানি লোকালয়ে প্রবেশ করেছে, সেটি এলজিইডির একটি গ্রামীণ সড়ক। গত অর্থবছরে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ওই সড়কের পাশে প্রায় ৫ ফুট উচ্চতা ও ২ ফুট প্রস্থে মাটি ভরাট করা হয়েছিল।

এ ব্যাপারে ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ফাহাদ্দিস হোসাইন ঢাকা পোস্টকে বলেন, জগতপুর ব্রিজের দক্ষিণে মনিপুর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের কোনো বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নেই। নদীর পাশ দিয়ে এলজিইডির একটি গ্রামীণ সড়ক রয়েছে। গত সপ্তাহখানেকের ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরী নদীর পানির উচ্চতা বেড়ে ওই সড়কের নিচু অংশ দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করেছে। পানি বেড়ে আবার কমার কারণে বাঁধের বিভিন্ন অংশে কিছুটা সমস্যা হতে পারে। এছাড়া আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুরে জমির একটি নিচু অংশ দিয়ে পানি ঢুকছে। ক্ষতিগ্রস্ত স্থান পানি কমে গেলে মেরামত করা হবে।

তারেক চৌধুরী/ডিএ

বিজ্ঞাপন