বিজ্ঞাপন

‘তুমি কে, আমি কে, ফার্মের মুরগি’ স্লোগানে উত্তাল বগুড়া

‘তুমি কে, আমি কে, ফার্মের মুরগি’ স্লোগানে উত্তাল বগুড়া

দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়া, প্রশ্নের মান কঠিন হওয়া এবং পদার্থবিজ্ঞান পরীক্ষার আগে পর্যাপ্ত সময় না দেওয়ার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছেন বগুড়ার এইচএসসি পরীক্ষার্থীরা। এ সময় তারা  ‘তুমি কে, আমি কে, ফার্মের মুরগি’ স্লোগান দেন।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টা থেকে শহরের প্রাণকেন্দ্র সাতমাথা এলাকায় সড়ক অবরোধ এবং জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় ঘেরাও করেন শিক্ষার্থীরা। আন্দোলন চলে দুপুর দেড়াটা পর্যন্ত।

প্রথমে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলার বিভিন্ন উপজেলা ও শহরের শিক্ষার্থীরা জড়ো হন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সাতমাথা এলাকায় অবস্থান নেন। এ সময় তারা স্লোগান দেন, তুমি কে, আমি কে, ফার্মের মুরগি, কে বলছে, কে বলছে, শিক্ষামন্ত্রী। পরে সেখান থেকে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেন।

বিক্ষোভ চলাকালে সাতমাথা মোড় ও ডিসি কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। এ সময় সড়ক অবরোধের কারণে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, ঢাকাসহ দেশের বিভিন্ন বন্যাকবলিত এলাকায় অনেক পরীক্ষার্থী পানি ও দুর্যোগের কারণে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেননি। এমন পরিস্থিতিতে পরীক্ষার তারিখ পরিবর্তনের দাবি জানানো হলেও তা আমলে নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে তারা রাজপথে নেমেছেন।

তাদের দাবি, বন্যাকবলিত এলাকার পরীক্ষাগুলো পুনর্নির্ধারণ করতে হবে এবং শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে।

বিক্ষোভে অংশ নেওয়া সরকারি মজিবর রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থী মোছা. নুসরাত আক্তার বলেন, আমি বৃষ্টির মধ্যে ভিজে পরীক্ষা দিতে গেছি। এখন আমার জ্বর এসেছে। এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও কেন পরীক্ষার সময় পেছানো হলো না, আমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই।

সরকারি শাহ সুলতানা কলেজের এইচএসসি পরীক্ষার্থী মো. হাসিব মাহমুদ বলেন, শিক্ষামন্ত্রী নিজেই বলেছেন, আগের সরকার শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে। কিন্তু আমরা দেখছি, তিনি দায়িত্ব নেওয়ার পরও শিক্ষাখাতে নানা জটিলতা সৃষ্টি হয়েছে। প্রশ্ন অত্যন্ত কঠিন হয়েছে, অনেক প্রশ্ন বইয়ের বাইরে থেকে এসেছে বলে আমাদের মনে হয়েছে। আমরা চাই, প্রশ্ন বইয়ের পাঠ্যসূচির মধ্য থেকেই হোক। আমরা বর্তমান শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছি।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম আলী বলেন, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছেন।

আব্দুল মোমিন/এসএইচএ