ডিএমএফ (ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি) কোর্স সম্পন্ন করেও দীর্ঘদিন ধরে ডাক্তার পরিচয়ে রোগী দেখা এবং ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের অভিযোগে বগুড়া সদর উপজেলার একটি ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৪ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সদর উপজেলার শেরেবাংলা নগর এলাকার চৌধুরী ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান। অভিযানে র্যাব-১২ ও বগুড়া জেলা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
মেহেদী হাসান জানান, ডিএমএফ কোর্স সম্পন্ন করা মহিদুর রহমান চৌধুরী (রুমন) ও মতিউর রহমান চৌধুরী (রুম্মান) দীর্ঘদিন ধরে নিজেদের নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করে রোগী দেখছিলেন। স্থানীয়দের কাছেও তারা চিকিৎসক হিসেবে পরিচিত ছিলেন। অথচ তারা নিবন্ধিত এমবিবিএস চিকিৎসক নন। এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছিলেন এবং চিকিৎসাসেবা গ্রহণের ক্ষেত্রে প্রতারিত হওয়ার ঝুঁকিতে পড়ছিলেন।
তিনি আরও জানান, অভিযানের সময় ফার্মেসিতে সংরক্ষিত বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। পরে অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা বিষয়টি স্বীকার করেন। এ ঘটনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় চৌধুরী ফার্মেসিকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এ বিষয়ে সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, অভিযুক্তরা ভবিষ্যতে নিজেদের নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করে চিকিৎসাসেবা প্রদানসহ এ ধরনের অনিয়মে জড়াবেন না বলে লিখিত মুচলেকা দিয়েছেন।
তিনি আরও বলেন, জনস্বার্থে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, অবৈধ চিকিৎসাসেবা এবং ভোক্তা অধিকারবিরোধী অন্যান্য কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আব্দুল মোমিন /এসএইচএ
