বিজ্ঞাপন

পদ্মায় ধরা পড়ল বড় পাঙাশ, ৩৩ হাজার টাকায় নিলামে বিক্রি

পদ্মায় ধরা পড়ল বড় পাঙাশ, ৩৩ হাজার টাকায় নিলামে বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে ধরা পড়েছে প্রায় ২০ কেজি ওজনের একটি বিশাল পাঙাশ মাছ। মাছটি নিলামে বিক্রি হয়েছে ৩৩ হাজার টাকায়।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে দৌলতদিয়া ঘাট মাছবাজারে মাছটি নিলামে তোলা হলে স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা এটি ক্রয় করেন।

জানা যায়, ভোরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জ এলাকার জেলেরা পদ্মা-যমুনা নদীর মোহনায় জাল ফেলেন। এ সময় জেলে নিরঞ্জন কুমার হালদারের জালে দৌলতদিয়ার কলাবাগান এলাকায় বড় আকৃতির পাঙাশটি ধরা পড়ে। পরে সকাল সাড়ে ৭টার দিকে মাছটি দৌলতদিয়া ঘাটের কেছমত হালদারের আড়তে আনা হয় এবং নিলামে তোলা হয়।

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, তিনি মাছটি প্রতি কেজি ১ হাজার ৬০০ টাকা দরে মোট ৩২ হাজার টাকায় কিনেছেন। পরে ঢাকার এক পরিচিত ব্যবসায়ীর কাছে প্রতি কেজিতে ৫০ টাকা লাভ রেখে মোট ৩৩ হাজার টাকায় বিক্রি করেছেন।

স্থানীয়দের মতে, বর্ষা মৌসুমে পদ্মা নদীতে মাঝেমধ্যে বড় আকৃতির পাঙাশ ধরা পড়লেও এত উচ্চমূল্যে বিক্রি হওয়া মাছ এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

মীর সামসুজ্জামান সৌরভ/এসএইচএ

বিজ্ঞাপন