বান্দরবানের শহরের নিউগুলশান এলাকায় মাত্র ৫০০ টাকা পাওনা চাইতে গিয়ে মারধরের শিকার উচনু মারমা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত উচনু মারমা নিউগুলশান এলাকার বাসিন্দা থোয়াইনুচিং মারমার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে উচনু মারমার সঙ্গে একই এলাকার উচিংনু মারমা ওরফে সেলিমের কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ওই বাগবিতণ্ডা সংঘর্ষে রূপ নেয়।
অভিযোগ রয়েছে, উচিংনু মারমা উচনু মারমাকে এলোপাতাড়িভাবে মারধর করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন। ঘটনার পর অভিযুক্ত উচিংনু মারমা ওরফে সেলিম এলাকা ছেড়ে পালিয়ে যান।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ৫০০ টাকা পাওনাকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অভিযুক্ত উচিংনু মারমা ওরফে সেলিম বর্তমানে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।
এসএইচএ
