জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, যদি গণভোট বৈধ না হয়, জুলাই সনদ বাস্তবায়ন না হয়, তাহলে যে সরকার গণভোটের ভিত্তিতে ক্ষমতায় এসেছে, তাদের বৈধতাও প্রশ্নবিদ্ধ হবে। এক মায়ের পেট থেকে জন্ম নেওয়া দুই সন্তান একজন বৈধ আর একজন অবৈধ হতে পারে না।
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় বগুড়া শহরের সাতমাথায় দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পদযাত্রা শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, জুলাই-আগস্টে মানুষ রাজপথে নেমেছিল শুধু একটি রাজনৈতিক দলকে ক্ষমতায় বসানোর জন্য নয়, বরং রাষ্ট্রব্যবস্থার মৌলিক পরিবর্তনের দাবিতে। সেই পরিবর্তনের অন্যতম ভিত্তি ছিল গণভোট ও জুলাই সনদ। তাই গণভোটের রায় বাস্তবায়ন করতেই হবে।
তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে বলেন, গণভোট ও জুলাই সনদের প্রশ্নে আপসের কোনো সুযোগ নেই।
শিক্ষামন্ত্রীর সমালোচনা করে সারজিস আলম বলেন, এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে অবমাননাকর মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রতি সংহতি জানিয়ে তিনি বলেন, লাখো শিক্ষার্থীর জীবনের চেয়ে দুই চার দিন পরীক্ষা পিছিয়ে দেওয়া কখনো বড় বিষয় হতে পারে না। শিক্ষামন্ত্রীকে শিক্ষার্থীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
বগুড়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, গত ১৬-১৭ বছরে জেলার মানুষ রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরি, শিক্ষা ও বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছেন। তবে ভবিষ্যতে যেন বগুড়ার নাম ব্যবহার করে কেউ ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি, টেন্ডারবাজি কিংবা প্রশাসনে হস্তক্ষেপ করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, শেখ হাসিনার আমলে যেমন এস আলম রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লুটপাট করেছে, তেমনি ভবিষ্যতে অন্য কোনো আলম যদি একইভাবে ব্যাংক দখল, অর্থ পাচার বা ক্ষমতার অপব্যবহারের চেষ্টা করে, তরুণ প্রজন্ম তা মেনে নেবে না।
সীমান্ত নিরাপত্তা, কর্মসংস্থান, বিদ্যুৎ সংকট নিরসন এবং মাদক নিয়ন্ত্রণকে এনসিপির প্রধান দাবিগুলোর মধ্যে উল্লেখ করে সারজিস আলম বলেন, তরুণদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করতে না পারলে কোনো সরকারই সফল হতে পারে না। একই সঙ্গে মাদক ব্যবসার সঙ্গে জড়িত রাজনৈতিক প্রভাবশালীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে হবে।
তিনি বলেন, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব ও দুর্নীতি বন্ধ না হলে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না। তাই দল নয়, বিবেকের ভিত্তিতে নেতৃত্ব নির্বাচন এবং ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।
এর আগে সন্ধ্যা ৬টায় দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচির অংশ হিসেবে বগুড়া শহরের সাতমাথায় এনসিপির পদযাত্রা অনুষ্ঠিত হয়।
পদযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এস এম এ মাহমুদ, সদস্যসচিব সুলতান মাহমুদ, যুগ্ম সদস্যসচিব আব্দুর সবুজ সুমন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহদী, জেলা সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, গাজী সালাউদ্দীন তানভীরসহ জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরা।
আব্দুল মোমিন/ডিএ
