খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর জাতিসংঘ শিশুপার্কের পশ্চিম পাশে জলিলের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিন রাতে জলিলের দোকানের পাশে চেয়ার নিয়ে কয়েকজন সাংবাদিক কাজ শেষে আড্ডা দেন। আজও তারা এখানে বসে ৬ জন সাংবাদিক গল্প করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে আসা দুজন যুবক তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি প্লাস্টিকের চেয়ারে বিদ্ধ হয়।
এসএ টিভির সাংবাদিক রকিবুল ইসলাম মতি বলেন, রাতে আমরা কয়েকজন সাংবাদিক এখানে আড্ডা দিচ্ছিলাম। দুজন যুবক তাদের লক্ষ্য করে পর গুলি ছোড়ে। একটি গুলি চেয়ারে বিদ্ধ হয়। পরপরই খবর দেওয়া হলে ঘটনাস্থলে দ্রুত পুলিশ আসে।
সাংবাদিক সৈয়দ রানা কবির বলেন, দুর্বৃত্তের ছোড়া গুলিটি চেয়ারে বিদ্ধ হয়। এর একটি স্প্রিন্টার সাংবাদিক আওয়ালের বুকে লেগে কিছু অংশ ছিলে যায়। তিনি সুস্থ আছেন।
খুলনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে ফায়ার্ডকৃত বুলেটের অংশ উদ্ধার করা হয়েছে। কোনো হতাহতের খবর আমার জানা নেই। কি কারণে এখানে গুলির ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
মোহাম্মদ মিলন/ডিএ