কিশোরগঞ্জের কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় গরুর পচা মাংস বিক্রির অভিযোগে এক মাংস ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দোকান থেকে জব্দ করা প্রায় দুই বস্তা পচা মাংস মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা এ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, অভিযানকালে বাসস্ট্যান্ড এলাকার মাংস ব্যবসায়ী শারফিন কসাইয়ের দোকানে গরুর পচা মাংস বিক্রির সত্যতা পাওয়া যায়। এ সময় দুই বস্তা পচা মাংস জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। একইসঙ্গে জব্দ করা দুই বস্তা পচা মাংস মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনার তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পচা মাংস বিক্রির খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে এবং জনস্বার্থে জব্দ করা পচা মাংস ধ্বংস করা হয়েছে।
তিনি আরও বলেন, ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য বিক্রির বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।
সাখাওয়াত হোসেন হৃদয়/এএমকে
