বিজ্ঞাপন

বৃক্ষরোপণ করতে গিয়ে নদীতে ট্রলারডুবি, নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

বৃক্ষরোপণ করতে গিয়ে নদীতে ট্রলারডুবি, নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

বরগুনার পাথরঘাটা উপজেলায় সংরক্ষিত বনে বৃক্ষরোপণ করতে গিয়ে নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ শ্রমিক মো. জাহাঙ্গীরের (৫০) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস সদস্যরা। বুধবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে পাথরঘাটা উপজেলার পদ্মা নামক এলাকা সংলগ্ন বলেশ্বর নদী থেকে ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। 

এর আগে একই দিন বেলা ১১টার দিকে ইঞ্জিনচালিত একটি ট্রলার নিয়ে বন বিভাগের বৃক্ষরোপণ করার উদ্দেশ্যে রওয়ানা হয়ে ট্রলারটি ডুবে যাওয়ার ঘটনা ঘটে। 

বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পাথরঘাটার পদ্মা নামক এলাকা সংলগ্ন একটি সংরক্ষিত বনে বৃক্ষরোপণের উদ্দেশ্যে বনবিভাগে কর্মরত এক কর্মীসহ কয়েকজন শ্রমিক একটি ছোট ট্রলার নিয়ে রওনা করেন। পরে ট্রলারটি পাথরঘাটা এলাকার বলেশ্বর নদীতে প্রবেশ করলে উত্তাল ঢেউয়ে উল্টে গিয়ে ডুবে যায়। তবে এ সময় ট্রলারে থাকা ৯ জনের মধ্যে বনকর্মীসহ ৮ জন স্থানীয় জেলেদের সহযোগিতায় নিরাপদে নদীর তীরে আসতে পারলেও জাহাঙ্গীর পানিতে ডুবে নিখোঁজ হন। 

পরবর্তীতে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ ওই শ্রমিকের সন্ধান পেতে অভিযান শুরু করেন তারা। পরে স্থানীয়দের সহযোগিতায় বিকেল সাড়ে ৩টার দিকে নদী থেকে জাহাঙ্গীরের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।   

এ বিষয়ে পাথরঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম বলেন, বন বিভাগের বৃক্ষরোপণ করতে গিয়ে ট্রলারডুবিতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কারও কোনো অভিযোগ পাইনি। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। 

আব্দুল আলীম/আরএআর

বিজ্ঞাপন