বিজ্ঞাপন

রাঙামাটি জেনারেল হাসপাতালে চালু হলো কলপোস্কোপি সেবা

রাঙামাটি জেনারেল হাসপাতালে চালু হলো কলপোস্কোপি সেবা

‎রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রথমবারের মতো চালু হয়েছে কলপোস্কোপি সেবা। এর মাধ্যমে এখন থেকে জরায়ুমুখের ক্যান্সার ও ক্যান্সার-পূর্ববর্তী অস্বাভাবিক কোষ দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা সম্ভব হবে। এতে পার্বত্য জেলা রাঙামাটির নারীরা স্থানীয়ভাবেই এ বিশেষায়িত সেবা গ্রহণের সুযোগ পাবেন।

‎গাইনি বিশেষজ্ঞ ডা. তাহমিনা দেওয়ানের তত্ত্বাবধানে মঙ্গলবার (১৪ জুলাই) হাসপাতালটিতে প্রথমবার কলপোস্কোপি পরীক্ষা সম্পন্ন করা হয়। বিষয়টি বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে জানায়।

‎হাসপাতাল সূত্রে জানা যায়, প্যাপ স্মিয়ার (Pap Smear), ভায়া (VIA) বা এইচপিভি (HPV) পরীক্ষায় অস্বাভাবিক ফল পাওয়া গেলে রোগীর জরায়ুমুখ, যোনি ও ভালভা আরও বিস্তারিতভাবে পরীক্ষা করতে কলপোস্কোপি করা হয়। এ পরীক্ষার মাধ্যমে জরায়ুমুখের ক্যান্সার, ক্যান্সার-পূর্ববর্তী পরিবর্তন, সার্ভিসাইটিস, পলিপ এবং জেনিটাল ওয়ার্টসসহ বিভিন্ন সমস্যা প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা সম্ভব।

‎‎রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শওকত আকবর খান বলেন, অন্যান্য হাসপাতালের মতো রাঙামাটি জেনারেল হাসপাতালেও কলপোস্কোপি সেবা চালু হয়েছে। এর মাধ্যমে দ্রুত ক্যান্সার শনাক্ত করে সময়মতো চিকিৎসা শুরু করা সম্ভব হবে। পার্বত্য চট্টগ্রামের স্বাস্থ্যসেবায় এটি একটি নতুন সংযোজন। ভবিষ্যতে এ কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

‎হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সীমিত জনবল ও নানা সীমাবদ্ধতার মধ্যেও রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ধাপে ধাপে নতুন নতুন স্বাস্থ্যসেবা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। কলপোস্কোপি সেবা চালুর ফলে রাঙামাটি ও আশপাশের জেলার নারীদের বিশেষায়িত এই পরীক্ষার জন্য বাইরে যাওয়ার প্রয়োজন অনেকটাই কমে আসবে।

‎মোস্তফা কামাল রাজু/এএমকে