সাংবাদিকদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে দক্ষ করে তোলা এবং ভুয়া তথ্য শনাক্তে সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে রাজশাহীতে তিন দিনব্যাপী ‘এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’ শুরু হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় সমাজসেবা অধিদপ্তর রাজশাহী কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের তত্ত্বাবধানে কর্মশালার আয়োজন করে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)। আগামী ১৭ জুলাই পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ আবদুল আউয়াল। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. ডালিম হোসেন শান্ত। স্বাগত বক্তব্য দেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা পোস্টের হেড অব নিউ মিডিয়া অ্যান্ড ইনিশিয়েটিভ আরিফুল ইসলাম আরমান।
প্রধান অতিথির বক্তব্যে মো. মাহফুজুর রহমান রিটন বলেন, বর্তমান সময়ে তথ্যের প্রবাহ যেমন বেড়েছে, তেমনি ভুয়া তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকিও বহুগুণ বেড়েছে। তাই একজন সাংবাদিকের দায়িত্ব শুধু তথ্য সংগ্রহ নয়, তথ্যের সত্যতা যাচাই করে তা প্রকাশ করাও।
তিনি আরও বলেন, এআই প্রযুক্তি সাংবাদিকতার নতুন সম্ভাবনার দ্বার খুলে দিলেও এর ব্যবহার নৈতিকতা ও দায়িত্ববোধের সঙ্গে হতে হবে। ফ্যাক্ট চেকিংয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে সাংবাদিকরা আরও নির্ভুল ও বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশন করতে পারবেন।
মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকদের বিষয়ে আন্তরিক। সেই লক্ষ্যে বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ আবদুল আউয়াল বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের নতুন প্রযুক্তিতে দক্ষ হয়ে উঠতে হবে। এআই ব্যবহারের পাশাপাশি বস্তুনিষ্ঠতা, পেশাগত নৈতিকতা এবং তথ্য যাচাইয়ের সংস্কৃতি আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিন দিনব্যাপী এই কর্মশালায় রাজশাহী জেলার বিভিন্ন গণমাধ্যমের ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন। প্রথম দিনে সাংবাদিকতায় এআই ব্যবহার নিয়ে প্রশিক্ষণ দেন আরিফুল ইসলাম আরমান।
কর্মশালায় জানানো হয়, রাজশাহীর সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান এবং ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ করে দেওয়াই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য। পাশাপাশি সাংবাদিকতায় এআই ব্যবহারের সুযোগ, সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ এবং সেগুলো মোকাবিলার কৌশল নিয়েও বিস্তারিত আলোচনা করা হবে। প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিংয়ের বিভিন্ন কৌশল, তথ্য যাচাইয়ের আধুনিক পদ্ধতি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব এবং সাংবাদিকতার নীতিমালা ও দায়িত্ব-কর্তব্য বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।
আরএআর
