খুলনার বটিয়াঘাটায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মো. মুকুল কাগজীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. খুরশীদ আলম এ রায় ঘোষণা করেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী মো. শাহ আলম। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল না। আসামি মুকুল কাগজী সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ১০নং সোরা গ্রামের বাসিন্দা রাজ্জাক কাগজীর ছেলে।
আদালত সূত্র জানায়, ২০১৩ সালে আসামি মুকুল গাজীর সঙ্গে উপজেলার দারোগার ভিটার বাসিন্দা মো. বিল্লাল হোসেন মল্লিকের মেয়ে মোছা. হেনা বেগমের বিয়ে হয়। বিয়ের পর দম্পতির কোলজুড়ে একটি পুত্রসন্তান জন্মগ্রহণ করে। এরপর থেকে জামাই হেনাকে প্রায়ই মারধর করত। বিষয়টি বাবাকে অবগত করলে সে ভবিষ্যতের কথা চিন্তা করে তাকে মিলেমিশে থাকার কথা বলেন।
২০১৬ সালের ৮ সেপ্টেম্বর সন্ধ্য সোয়া ৬টার দিকে উপজেলার শান্তিনগর বাড়িতে পারিবারিক বিষয় নিয়ে হেনাকে মারধর করা হয়। বিষয়টি তার ফুফুকে জানানোর জন্য বাড়ি থেকে বের হয়ে আশিকের ভিটায় পৌঁছালে পেছন থেকে মাথায় ইট দিয়ে আঘাত করে স্বামী। মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করেন তিনি। এ ঘটনায় নিহতের বাবা বিল্লাল বাদী হয়ে ঘটনার পরের দিন বটিয়াঘাটা থানায় মামলা দায়ের করেন। একই বছরের ৩১ অক্টোবর বটিয়াঘাটা থানার এসআই বোধন চন্দ্র বিশ্বাস এ মামলার আসামি মো. মুকুল কাগজীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মোহাম্মদ মিলন/এএমকে
