বন্যায় ক্ষতিগ্রস্ত রাঙামাটির বাঘাইছড়ির বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং দ্রুত পুনর্বাসনসহ প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
বুধবার (১৫ জুলাই) দুপুরে তিনি উপজেলার বন্যাকবলিত বারবিন্দুরঘাট বাঁধসহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। পরে বিকেল সাড়ে ৩টায় উপজেলা অডিটোরিয়ামে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দেন
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের মূল লক্ষ্য দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন। পার্বত্য অঞ্চলের প্রতিটি জনগোষ্ঠীর উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং এ অঞ্চলে কোনো ধরনের বৈষম্যের সুযোগ নেই।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের কৃষি, পর্যটন, ঐতিহ্য ও সংস্কৃতির সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে স্থানীয় মানুষের জীবনমান যেমন উন্নত হবে তেমনি জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে।
বন্যা পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এবারের বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খাল, নদী ও জলাধার দখল এবং পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ার কারণেও ক্ষয়ক্ষতির মাত্রা বেড়েছে। তাই জলাশয় রক্ষা ও দখলমুক্ত রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় তিনি ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কার, প্রয়োজনীয় নদী খননের উদ্যোগ গ্রহণ এবং বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বিভিন্ন এনজিওর ঋণের কিস্তি এক মাস স্থগিত রাখার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
পরিদর্শনকালে তিনি স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের কাছ থেকে বন্যার ক্ষয়ক্ষতি, ত্রাণ বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
মোস্তফা কামাল রাজু/এএমকে
