পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে নিখোঁজ হওয়া মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ দুই দিন পর উদ্ধার করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে কুয়াকাটার চর গঙ্গামতি সৈকত সংলগ্ন সাগর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় জেলেরা জানান, বুধবার দুপুরে চর গঙ্গামতি উপকূলীয় এলাকায় মাছ ধরার সময় সৈকতের কাছাকাছি সাগরে একটি মরদেহ ভাসতে দেখেন তারা। পরে মরদেহটি উদ্ধার করে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয়।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
নিহত রুবেল হাওলাদার রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের ১২ নম্বর মাঝগ্রাম এলাকার আবুল কালাম হাওলাদারের ছেলে। তিনি নিজের মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলারের মাঝি ছিলেন।
জানা গেছে, গত সোমবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে রাবনাবাদ চ্যানেলের পায়রা সমুদ্রবন্দরের তিন নম্বর বয়া সংলগ্ন গনির টেক এলাকায় মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় বজ্রপাতের আঘাতে রুবেল নদীতে পড়ে নিখোঁজ হন। একই ঘটনায় ট্রলারে থাকা আরও তিন জেলে আহত হন। স্থানীয় জেলেরা আহতদের উদ্ধার করলেও রুবেলের কোনো খোঁজ মেলেনি। এরপর থেকে স্বজন ও স্থানীয় জেলেরা যৌথভাবে তাকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে আসছিলেন।
রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. খায়রুল হাসান এবং জানান, চর গঙ্গামতি এলাকা থেকে রুবেলের মরদেহ উদ্ধার হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তার গ্রামের বাড়িতে নেওয়া হবে।
এসএম আলমাস/ডিএ
