বিজ্ঞাপন

অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ গ্রেপ্তার ২

অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ গ্রেপ্তার ২

মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার (১৫ জুলাই) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, ভুয়া মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টে ব্যবহৃত সিমকার্ড এবং জুয়ার হিসাব-সংক্রান্ত খাতাপত্র জব্দ করা হয়। 

গ্রেপ্তাররা হলেন, সদর উপজেলার সাজিয়াড়া গ্রামের আসাদুজ্জামানের ছেলে হৃদয় হাসান এবং একই এলাকার তাহাজ্জত মুন্সির ছেলে ইমন হোসেন শান্ত ওরফে লিমন।

পুলিশ জানায়, বুধবার রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে সদর উপজেলার সাজিয়াড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া সাইট পরিচালনার সঙ্গে জড়িত এবং মাস্টার এজেন্ট হিসেবে কাজ করে আসছিলেন।

অভিযানকালে তাদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন, নগদ, বিকাশ, রকেট ও উপায়ের ভুয়া এমএফএস অ্যাকাউন্টে ব্যবহৃত ৫৮টি সিমকার্ড এবং জুয়ার হিসাব সংরক্ষণের দুটি খাতা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, জব্দ করা মোবাইল ফোনগুলো বিশ্লেষণ করে বিভিন্ন অ্যাপের মাধ্যমে অনলাইন জুয়ার অর্থ লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া মোবাইলগুলোতে ৫৯৬টি অনলাইন জুয়া অ্যাকাউন্টের ইউজার আইডি, পাসওয়ার্ড, লেনদেনের তথ্য এবং বিভিন্ন জুয়া সাইট পরিচালনার আলামত পাওয়া গেছে।

মাগুরার পুলিশ সুপার মোল্যা আজাদ হোসেন (পিপিএম) বলেন, এটি একটি সুসংগঠিত অনলাইন জুয়া চক্র। তারা ব্যাংকিং চ্যানেল ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে প্রতিদিন বিপুল পরিমাণ অর্থ লেনদেন করত। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তাছিন জামান/ডিএ

বিজ্ঞাপন