চট্টগ্রামের লোহাগাড়ায় অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়ন যুবদলের গণশিক্ষা-বিষয়ক সম্পাদক আয়াত উল্লাহ হুমাইনীকে দল থেকে বহিষ্কার করেছে কক্সবাজার জেলা যুবদল।
বুধবার (১৫ জুলাই) রাতে জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় নীতিমালার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আয়াত উল্লাহ হুমাইনীকে বদরখালী ইউনিয়ন যুবদলের গণশিক্ষা-বিষয়ক সম্পাদকের পদ, প্রাথমিক সদস্যপদসহ দলের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।
এতে আরও বলা হয়, জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল ও সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসানের নির্দেশনায় এই সাংগঠনিক সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
প্রসঙ্গগত, গত মঙ্গলবার (১৪ জুলাই) সকালে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চুনতি এলাকায় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে দুটি দেশীয় অস্ত্রসহ আয়াত উল্লাহ ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করে লোহাগাড়া থানা-পুলিশ।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলামের উপস্থিতিতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা অস্ত্র সরবরাহে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার কথা স্বীকার করেছেন। তবে অস্ত্রের প্রকৃত উৎস ও গন্তব্য সম্পর্কে তদন্ত চলছে এবং এ ঘটনায় লোহাগাড়া থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
ইফতিয়াজ নুর নিশান/ডিএ
