ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় এক কৃষকের ৩৩ শতক জমির লাউক্ষেত কেটে দিয়েছে দুর্বৃত্তরা। রাতের আঁধারে সংঘটিত এ ঘটনায় প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক। ফলন ঘরে তোলার আগ মুহূর্তে এমন ঘটনায় হতাশায় ভেঙে পড়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে কৃষক আলমগীর হোসেন জমিতে গিয়ে দেখেন, রাতের আঁধারে দুর্বৃত্তরা তার লাউক্ষেতের সব গাছের গোড়া কেটে দিয়েছে। তিনি গোকুলনগর গ্রামের আবুল হোসেনের ছেলে।
ক্ষতিগ্রস্ত কৃষক আলমগীর হোসেন বলেন, সকালে জমিতে এসে দেখি সব লাউ গাছের গোড়া কেটে দেওয়া হয়েছে। একদিন পরপর ৪-৫ হাজার টাকার লাউ বিক্রি করতাম। এখন সব শেষ হয়ে গেছে। গত বছরও একই জমির লাউক্ষেত কেটে দেওয়া হয়েছিল। এবারও একই ঘটনা ঘটল।
প্রতিবেশী আব্দুল মালেক বলেন, গত বছরও এই জমির লাউক্ষেত কেটে দেওয়া হয়েছিল। এবারও রাতের আঁধারে দুর্বৃত্তরা একই ঘটনা ঘটিয়েছে। এতে কৃষকের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, লাউক্ষেত কেটে দেওয়ার বিষয়টি শুনেছি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্রাট হোসেন/এমএমবি
