বিজ্ঞাপন

পদ্মার ২ বাঘাড় বিক্রি হলো সোয়া লাখ টাকায়

পদ্মার ২ বাঘাড় বিক্রি হলো সোয়া লাখ টাকায়

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট সংলগ্ন পদ্মা নদীতে ধরা পড়া দুটি বড় আকারের বাঘাড় মাছ এক লাখ ১৪ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে। মাছ দুটির ওজন ছিল ৫৮ কেজি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে পদ্মা নদীর বিভিন্ন স্থানে জাল ফেলেন স্থানীয় জেলে চালাক ও মইনটের নয়ন হালদারসহ তাদের সহযোগীরা। এ সময় চালাকের জালে ২৬ কেজি ওজনের এবং নয়ন হালদারের জালে ৩২ কেজি ওজনের দুটি বাঘাড় মাছ ধরা পড়ে। বড় আকৃতির মাছ ধরার খবর ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ সেগুলো একনজর দেখতে ভিড় করেন।

পরে মাছ দুটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখের কাছে আনা হয়। ওজন শেষে উন্মুক্ত নিলামের মাধ্যমে ২৬ কেজির মাছটি প্রতি কেজি ১ হাজার ৬০০ টাকা এবং ৩২ কেজির মাছটি প্রতি কেজি ২ হাজার টাকা দরে কিনে নেন তিনি। এতে মাছ দুটি কিনতে তার মোট খরচ হয় ১ লাখ ৫ হাজার ৬০০ টাকা।

পরবর্তীতে অনলাইনের মাধ্যমে ক্রেতার সঙ্গে যোগাযোগ করে তিনি মাছ দুটি সিলেটের এক প্রবাসীর কাছে বিক্রি করেন। এর মধ্যে ২৬ কেজির বাঘাড়টি প্রতি কেজি ১ হাজার ৭০০ টাকা এবং ৩২ কেজির বাঘাড়টি প্রতি কেজি ২ হাজার ২০০ টাকা দরে বিক্রি হয়। এতে মোট বিক্রয়মূল্য দাঁড়ায় ১ লাখ ১৪ হাজার ৬০০ টাকা।

মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, পদ্মার বড় বাঘাড় মাছের চাহিদা সব সময়ই বেশি। ভালো দামের আশায় মাছ দুটি কিনেছিলাম। অনলাইনের মাধ্যমে দ্রুত বিক্রি করতে পেরে লাভবান হয়েছি।

মীর সামসুজ্জামান সৌরভ/এসএইচএ