বিজ্ঞাপন

ছোট থেকে বড় সবাই টানছে রথ, উৎসবে মুখর সিরাজগঞ্জ

ছোট থেকে বড় সবাই টানছে রথ, উৎসবে মুখর সিরাজগঞ্জ

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা উপলক্ষ্যে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় উৎসবমুখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ছোট থেকে বড়, সব বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে রথযাত্রার আয়োজন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টায় কামারখন্দ উপজেলা কেন্দ্রীয় কালি মন্দির প্রাঙ্গণে রথযাত্রার উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ব্যক্তিগত কর্মকর্তা এবং সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস।

উদ্বোধনের পর ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে রথটি টেনে নিয়ে যাওয়া হয় উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধসহ নানা বয়সী মানুষ রশি ধরে রথ টানেন। উৎসবকে ঘিরে পুরো এলাকায় আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে আব্দুল্লাহ আল কায়েস বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ। সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে পালন করবে, এটাই আমাদের প্রত্যাশা। পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে আমরা একটি সুন্দর সমাজ গড়ে তুলতে চাই।

রথযাত্রায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করেন।

আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে বিপুলসংখ্যক ভক্ত ও দর্শনার্থীর উপস্থিতি ছিল।

মো. নাজমুল হাসান/এসএইচএ 

বিজ্ঞাপন