বিজ্ঞাপন

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে অপহরণ

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে অপহরণ

গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক স্কুলছাত্রীকে অপহরণের মামলায় প্রধান আসামি শিশির আহম্মেদ চঞ্চলকে (২২) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এরআগে, বুধবার (১৫ জুলাই) রাতে নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাবের যৌথ টিম।

গ্রেপ্তার শিশির কুড়িগ্রামের চিলমারী থানার মনতোলা জোড়গাছ এলাকার শহিদুল ইসলামের ছেলে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুক্তভোগী স্কুলছাত্রী সুন্দরগঞ্জের স্থানীয় শিবরাম আলহাজ্ব হোসেন স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। অপহরণের শিকার শিক্ষার্থী বিদ্যালয়ে যাতায়াতের সময় অভিযুক্ত শিশির আহম্মেদ চঞ্চল বিভিন্ন সময়ে প্রেমের প্রস্তাবসহ উত্যক্ত করতেন। কিন্তু শিক্ষার্থী আসামির প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং ঘটনা তার পরিবারকে জানায়। পরে মেয়েটির পরিবার ঘটনাটি অভিযুক্ত শিশিরের পরিবারকে জানালে তারা ক্ষুব্ধ হয়।

সর্বশেষ গত ১৭ মে এই ছাত্রী এসএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় আসামি শিশির তার অন্য সহযোগিদের সহায়তায় ছাত্রীকে অপহরণ করে অটোরিকশাযোগে কুড়িগ্রাম জেলার চিলমারীতে নিয়ে যান। এ ঘটনার একদিন পর ১৯ মে সুন্দরগঞ্জ থানায় একটি অপহরণ মামলা করেন ছাত্রীর বাবা। মামলার পর আসামিরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান। পরে ১৫ জুলাই সন্ধ্যার দিকে নারায়নগঞ্জের আড়াইহাজার থানার দুপতারা বাজার এলাকা থেকে প্রধান আসামি শিশির আহম্মেদ চঞ্চলকে গ্রেপ্তার করে গাইবান্ধা র‌্যাব-১৩ ক্যাম্প এবং নারায়নগঞ্জ র‌্যাব-১১ ক্যাম্প এর একটি যৌথ টিম। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তার আসামি শিশিরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মাসুম বিল্লাহ/এসএইচএ