জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে ফেনী সরকারি কলেজে আয়োজিত স্মরণসভায় ব্যবহৃত ব্যানারে শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের ছবি না থাকায় কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা আপত্তি জানান। পরে তাদের দাবির মুখে কলেজ কর্তৃপক্ষ ব্যানারটি সরিয়ে ওয়াসিমের ছবি সংযুক্ত করে নতুন ব্যানার টানিয়ে অনুষ্ঠান সম্পন্ন করেছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) কলেজের বীর মুক্তিযোদ্ধা খাজা আহম্মদ অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে।
কলেজ সংশ্লিষ্ট সূত্র জানায়, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আলোচনা সভার আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রধান অতিথি এবং শিক্ষক পরিষদের সম্পাদক বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠান শুরুর একপর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরা মঞ্চে উঠে ব্যানারে শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের ছবি না থাকায় আপত্তি জানান। পরে তাদের আপত্তি ও ক্ষোভের প্রেক্ষিতে আগের ব্যানার সরিয়ে ওয়াসিমের ছবি সংযুক্ত নতুন ব্যানার টানানো হয়।
ফেনী কলেজ ছাত্রদলের সভাপতি (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসান বলেন, গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ১৬ জুলাইয়ের দ্বিতীয় শহীদ ছিলেন ওয়াসিম আকরাম। স্মরণসভার ব্যানারে আবু সাঈদ, মুগ্ধ, ফেনী কলেজের মাসুদ ও শ্রাবণের ছবি থাকলেও ওয়াসিমের ছবি ছিল না। বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জানানো হলে তারা প্রথমে ছবি না পাওয়ার কথা এবং পরে সময়স্বল্পতাসহ বিভিন্ন কারণের কথা জানান। তবে আমাদের প্রতিবাদের পর কিছু সময়ের মধ্যেই ওয়াসিমের ছবি সংযুক্ত নতুন ব্যানার টানিয়ে অনুষ্ঠান পরিচালনা করা হয়। ব্যানার সংশোধনের সিদ্ধান্তের পর ছাত্রশিবিরের নেতাকর্মীরা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
এ ব্যাপারে ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ এনামুল হক খোন্দকার বলেন, জুলাই শহীদ দিবসের আলোচনা সভার ব্যানারে শহীদ ওয়াসিমের ছবি না থাকায় ছাত্রদল আপত্তি জানায়। তারা জানায়, ওয়াসিম ছাত্রদলের কর্মী ছিলেন এবং চট্টগ্রামে শহীদ হন। বিষয়টি নজরে আসার পর তাদের আপত্তির প্রেক্ষিতে ব্যানার সংশোধন করে ওয়াসিমের ছবিসহ নতুন ব্যানার টানিয়ে অনুষ্ঠান সম্পন্ন করা হয়। ওয়াসিমের বিষয়টি অনিচ্ছাকৃতভাবে বাদ পড়ে গিয়েছিল।
তারেক চৌধুরী/আরএআর
