বিজ্ঞাপন

জাতীয় পর্যায়ে উপস্থিত বক্তৃতায় দেশসেরা মাগুরার হুমাইরা

জাতীয় পর্যায়ে উপস্থিত বক্তৃতায় দেশসেরা মাগুরার হুমাইরা

মাগুরার কৃতী শিক্ষার্থী হুমাইরা ইয়াসমিন জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’-এ উপস্থিত বক্তৃতা (বালিকা) বিভাগে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে।

বুধবার (১৫ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান হুমাইরার গলায় স্বর্ণপদক পরিয়ে দেন এবং তার হাতে প্রশংসাপত্র তুলে দেন।

হুমাইরা ইয়াসমিন মাগুরা সদর উপজেলার শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের ২ কোটি ১৮ লাখেরও বেশি শিক্ষার্থী অংশ নেয়। ক্রীড়া, সংস্কৃতি, কুইজ, বিতর্কসহ আটটি প্রধান বিভাগে ৪৪টি ক্যাটাগরিতে শিক্ষার্থীদের মেধা যাচাই করা হয়। জাতীয় পর্যায়ে সারা দেশের ১২ হাজার ৩৮৪ জন শ্রেষ্ঠ ব্যক্তি এবং ৬৫ হাজার ৫৪৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্য থেকে নির্বাচিতদের সম্মাননা প্রদান করা হয়।

হুমাইরার এই সাফল্যে আনন্দে ভাসছে তার বিদ্যালয়, পরিবার ও এলাকাবাসী। শিক্ষকদের মতে, তার একাগ্রতা, আত্মবিশ্বাস ও নিয়মিত অনুশীলনের ফলেই জাতীয় পর্যায়ে এমন সাফল্য এসেছে।

শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন্নাহার লাকী ঢাকা পোস্টকে বলেন, হুমাইরা মেধাবী ও আত্মবিশ্বাসী। বিদ্যালয়ে স্কাউটিংসহ বিভিন্ন প্রতিযোগিতায় সে ধারাবাহিকভাবে ভালো করেছে। জাতীয় পর্যায়ে স্বর্ণপদক অর্জন আমাদের বিদ্যালয়ের জন্য গর্বের। আমরা আশা করি, ভবিষ্যতেও সে আরও বড় সাফল্য অর্জন করবে।

হুমাইরার বাবা মো.মঞ্জু হোসেন ঢাকা পোস্টকে বলেন, মেয়ের এই অর্জনে আমরা পরিবারের সবাই খুবই আনন্দিত। পরিবারের সবাই তাকে সবসময় উৎসাহ দিয়েছে, শিক্ষকেরা সার্বিক সহযোগিতা করেছে। আমার মেয়ে যেন ভবিষ্যতেও দেশের জন্য সুনাম বয়ে আনতে পারে সেজন্য সবার কাছে দোয়া চাই।

মাগুরা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম জাহাঙ্গীর আলম ঢাকা পোস্টকে বলেন, হুমাইরা মাগুরা জেলার গর্ব। তার সাফল্য অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে। আমরা আশা করি আগামী দিনেও জেলার শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে আরও ভালো করবে।

পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী হুমাইরা ইয়াসমিন ঢাকা পোস্টকে বলেন, দেশের প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করা আমার অনেক দিনের স্বপ্ন ছিল। সেই স্বপ্ন পূরণ হওয়ায় আমি ভীষণ আনন্দিত। এই অর্জনের পেছনে আমার বাবা-মা, শিক্ষক ও সবার সহযোগিতা রয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন ভবিষ্যতে আরও ভালো ফল করে দেশ ও মাগুরার সুনাম বয়ে আনতে পারি।

তাছিন জামান/এসএইচএ

বিজ্ঞাপন