জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভাকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানে আওয়ামী লীগ–সংশ্লিষ্ট কয়েকজন নেতার উপস্থিতির অভিযোগ তুলে আমন্ত্রিত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা প্রতিবাদস্বরূপ সভা বর্জন করেছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে শৈলকূপা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা শুরু হওয়ার কিছুক্ষণ পরই জুলাই যোদ্ধারা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
জুলাই যোদ্ধা রিহান হোসেন জানান, অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সদস্য, উমেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাব্দার হোসেন মোল্লা এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদকে উপস্থিত দেখতে পেয়ে তারা প্রতিবাদ জানান। পরে সবাই মিলে সভা বর্জন করেন।
রিহান হোসেন বলেন, জুলাই শহীদ দিবসের মতো একটি রাষ্ট্রীয় আয়োজনে ফ্যাসিস্টদের উপস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শহীদদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে তাদের উপস্থিতি আমাদের কাছে অসামঞ্জস্যপূর্ণ।
এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, সিনিয়র সহ-সভাপতি খলিলুর রহমান, রাকিবুল ইসলাম খান দীপু, জুলাই গেজেটপ্রাপ্ত যোদ্ধা রিহান হোসেন, রাশেদ আহমেদ নবাব, লিমন হোসেন, সজীব, নাহিদসহ অন্যান্য জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুর রহমান বলেন, সংশ্লিষ্ট আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যানদের আমি আমন্ত্রণ জানাইনি। তারা কীভাবে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, তা আমার জানা নেই। পরে তারা অনুষ্ঠানস্থল ত্যাগ করলে আলোচনা সভার কার্যক্রম পুনরায় শুরু হয়।
সম্রাট হোসেন/এসএইচএ
