বিজ্ঞাপন

পুকুরে পড়া ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বোনেরও

পুকুরে পড়া ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বোনেরও

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পানিতে পড়ে যাওয়া ছোট ভাইকে বাঁচাতে গিয়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চরলক্ষ্মীণদিয়া বালুচর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই গ্রামের মো. শমশের আলীর মেয়ে শরীফা খাতুন (৮) ও ছেলে মাহমুদুল হাসান (৫)।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে শরীফা খাতুন তার ছোট ভাই মাহমুদুল হাসানকে নিয়ে বাড়ির পাশের নিজেদের বেগুন ক্ষেত দেখতে যায়। সেখানে বাবার সঙ্গে দেখা করে বাড়ি ফেরার পথে মাহমুদুল হাসান পাশের একটি পুকুরে পড়ে যায়। ভাইকে উদ্ধার করতে শরীফাও পানিতে ঝাঁপ দেয়। কিন্তু সাঁতার না জানায় দুই ভাই-বোনই পানিতে তলিয়ে যায়।

তাদের সঙ্গে থাকা অন্য শিশুরা বিষয়টি দেখে দৌড়ে বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের জানায়। পরে স্বজনরা পুকুরে এসে খোঁজাখুঁজির একপর্যায়ে দুই ভাই-বোনের মরদেহ দেখতে পান এবং তাদের উদ্ধার করেন।

নিহতদের মা মঞ্জিলা বেগম বলেন, দুই ভাই-বোন মিলে নিজেদের বেগুন ক্ষেতে গিয়েছিল। তারা যে পানিতে পড়ে যাবে, তা তো আমি কল্পনাও করতে পারিনি। আল্লাহ আমার দুই আদরের সন্তানকে নিয়ে গেছে। এখন আমি কেমনে থাকি।

স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, ভাইকে বাঁচাতে গিয়েই মেয়েটি পানিতে ঝাঁপ দেয়। সাঁতার না জানায় দুজনেই পানিতে ডুবে মারা যায়। আমরা ছোট বাচ্চাদের কাছ থেকে খবর পেয়ে পুকুর থেকে তাদের মৃত অবস্থায় উদ্ধার করি।

নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোজাহিদুল ইসলাম বলেন, বিষয়টি জানা নেই, আপনার মাধ্যমেই খবর পেলাম। এ ব্যাপারে খোঁজখবর নিচ্ছি।

সাখাওয়াত সুমন/এসএইচএ