সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ছাত্র-জনতার ওপর হেলিকপ্টার থেকে গুলি চালিয়েছিল। শত শত মানুষ নিহত হওয়ার পরও আন্দোলনের তীব্রতা কমানো যায়নি। তবে ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অনেককে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টার দিকে মাগুরার মহম্মদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এসব কথা বলেন। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী, সহকারী কমিশনার (ভূমি) মো. সাদমান আকিফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী আবু আহসান, প্রেসক্লাব মহম্মদপুরের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীরা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা বলেন, শহীদদের আদর্শ ও চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তাছিন জামান/এসএইচএ
