বিজ্ঞাপন

বৃক্ষরোপণ কর্মসূচিতে দুর্নীতির অভিযোগ

সাতক্ষীরার সেই কৃষি কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ

সাতক্ষীরার সেই কৃষি কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ

গাছের চারা বিতরণে অনিয়ম দুর্নীতির অভিযোগে সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্রকে স্ট্যান্ড রিলিজ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৬ জুলাই) অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম স্বাক্ষরিত পত্রে এ আদেশ জারি করা হয়। আদেশে আগামী ২২ তারিখের মধ্যে তাকে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় যোগদান করতে বলা হয়েছে। 

গেল ১৬ জুন সাতক্ষীরা সদর উপজেলায় কৃষি কর্মকর্তা হিসেবে যোগদান করেন আবু সাঈদ শুভ্র। ২৯ জুন সরকারের বৃক্ষরোপন কর্মসূচির আওতায় গাছের চারা বিতরণের সময় বাঁশ ও গোবর সার বিতরণে অনিয়ম-দুর্নীতির আশ্রয় নেন। ৫০ টাকা মূল্যের প্রতি পিস বাঁশের খুটি বিতরণের কথা থাকলেও কৃষকদের অভিযোগ, ১০ থেকে ২০ টাকা মূল্যের বাঁশের খুঁটি, ৬শ টাকার গোবর জৈব সার পরিবর্তে ৪৮০ টাকা মূল্যের কোম্পানির সার বিতরণ করেন এই কর্মকর্তা। ১২শ কৃষকের মাঝে গাছের চারা বিতরণ প্রকল্পে  কয়েক লাখ টাকা হাতিয়ে নেন তিনি।

এ নিয়ে গত ৩ জুলাই ঢাকা পোস্টসহ বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রচারের পর ঘটনার তদন্ত শুরু করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। অবশেষে বাঁশ ও গোবর সারকাণ্ডে এই কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ করেছে দপ্তরটি।  

সংবাদ প্রচারের পর থেকেই কতিপয় সংবাদিককে টাকার বিনিময়ে ম্যানেজ করে নিজের দুর্নীতি ঢাকতে অব্যাহত চেষ্টা চালিয়েছেন এই কর্মকর্তা। শাস্তিমূলক ব্যবস্থা ঠেকাতেও চালিয়েছেন তদবির।

ইব্রাহিম খলিল/এএমকে