টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ও চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
শুক্রবার (১৭ জুলাই) দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেওয়ার পাশাপাশি তিনি স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দুর্গতদের মাঝে জরুরি ত্রাণ সহায়তা বিতরণ করেন।
রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণসহ বিভিন্ন পৃথক স্থানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রোয়াংছড়ি ও বান্দরবান সদর উপজেলার জামছড়ির মোট ৫০০ জন বন্যার্ত মানুষের হাতে এই মানবিক সহায়তা তুলে দেন প্রতিমন্ত্রী।
ত্রাণ বিতরণকালে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, বন্যাকবলিত মানুষের প্রয়োজনীয় অন্যান্য জরুরি সহায়তা দ্রুত পৌঁছে দিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। দুর্যোগের এই কঠিন সময়ে সরকার সবসময় জনগণের পাশে রয়েছে। ক্ষতিগ্রস্ত কোনো পরিবারকে সহায়তা ছাড়া রাখা হবে না। প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছি।
তিনি আরও বলেন, বন্যার কারণে হওয়া অবকাঠামোগত ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। একই সাথে দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমও অত্যন্ত গুরুত্বের সঙ্গে বাস্তবায়ন করা হবে, যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে। দুর্যোগের এই সময়ে সরকারের এমন মানবিক উদ্যোগ ও প্রতিমন্ত্রীর সরাসরি উপস্থিতিতে ত্রাণ বিতরণ স্থানীয় মানুষের মনে ইতিবাচক সাড়া ফেলেছে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৩০০নম্বর আসনের সংসদ সদস্য সাচিংপ্রু জেরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মা, সাবেক বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক ৩০০নম্বর সংসদ সদস্য মাম্যাচিং মারমা, জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ সানিউল ফেরদৌস, বান্দরবান জেলা পুলিশ সুপার মোহাম্মদ ওহাবুল ইসলাম খন্দকার এবং চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সেবা পুলিশ সুপার পিপিএম মোহাম্মদ হাছান চৌধুরী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা, যুগ্ম আহ্বায়ক সাশৈপ্রু মারমা, মাওসেতুং তঞ্চঙ্গ্যা, শৈসাঅং মারমা, হাইনুমং মারমা ও গান্ধীলাল তঞ্চঙ্গ্যা প্রমুখ।
এসএইচএ
