বিজ্ঞাপন

জাল দলিলে নামজারির চেষ্টা, বরিশালে বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৩

জাল দলিলে নামজারির চেষ্টা, বরিশালে বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৩

জাল দলিল ব্যবহার করে নামজারি (মিউটেশন) করার চেষ্টার অভিযোগে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতিসহ ৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জুলাই) গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন, বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার।

তিনি বলেন, জাল দলিল ব্যবহার করে প্রতারণার মাধ্যমে নামজারির চেষ্টার অভিযোগে ৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে ৩ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মামলার আসামিরা হলেন— মো. নাঈম (৩৫), নূর ইসলাম মোল্লা (৫৭), আব্দুর রহিম (৫৫) ও তোফাজ্জেল হোসেন টিয়া (৬০)। তারা সবাই উপজেলার মাধবপাশা ইউনিয়নের হাদীবাঁশকাঠী গ্রামের বাসিন্দা।

গ্রেপ্তারকৃত ৩ জন হলেন— মো. নাঈম, নূর ইসলাম মোল্লা ও আব্দুর রহিম। আব্দুর রহিম মাধবপাশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে অভিযুক্তরা বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্নার কার্যালয়ে একটি দলিলের ভিত্তিতে নামজারির আবেদন করেন। দলিলটি পর্যালোচনার সময় সহকারী কমিশনারের সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে কাগজপত্র যাচাই করা হয়। যাচাই-বাছাই শেষে দলিলটি প্রাথমিকভাবে জাল বলে প্রতীয়মান হলে বিষয়টি বাবুগঞ্জ থানাকে জানানো হয়।

পরে মাধবপাশা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মো. মিজানুর রহমান বাদী হয়ে বাবুগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করেন।

স্থানীয়দের অভিযোগ, আব্দুর রহিম দীর্ঘদিন ধরে ইউনিয়ন ভূমি অফিসে দালালি ও তদবির করে আসছিলেন। নামজারি করে দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না বলেন, নামজারি, ভুয়া দলিল বা ভূমি-সংক্রান্ত বিষয়ে দালালি কিংবা প্রতারণার মাধ্যমে কেউ অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরিফ হোসেন/এমএমবি