বিজ্ঞাপন

আমি নিজেও ছাত্রদল করে আসছি : কুমিল্লার পুলিশ সুপার

আমি নিজেও ছাত্রদল করে আসছি : কুমিল্লার পুলিশ সুপার

কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের একটি বক্তব্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যাতে এক ছাত্রদল নেতাকে উদ্দেশ্য করে কথা বলতে শোনা গেছে। এসময় পুলিশ সুপারকে বলতে শোনা গেছে, ‘আপনার বহু আগে আমি নিজেও ছাত্রদল করে আসছি।’

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) জাতীয় জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। ওই সভায় তিনি এই মন্তব্য করেন।

আলোচনা সভায় কুমিল্লা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠু পুলিশ সুপারকে উদ্দেশ্য করে বলেন, আপনি কুমিল্লা আসার পরে ফ্যাসিস্টরা কুমিল্লা চলে এসেছে। আপনি তাদের গ্রেপ্তার করছেন না।

এমন বক্তব্যের জেরে কুমিল্লা পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, এটা পলিটিক্স মঞ্চ না। একটা বাহিনীর সম্পর্কে আপনি এভাবে কথা বলতে পারেন না। ছাত্রদল আমি নিজেও করেছি, আপনার বহু আগে আমি ছাত্রদল করে আসছি ঢাকায়। আপনি যখন একটা মিটিংয়ে কথা বলবেন তখন তথ্য নিয়ে কথা বলবেন।

এ প্রসঙ্গে আবারও মাইক নিয়ে ছাত্রদল নেতা ফখরুল ইসলাম মিঠু বলেন, আমরা যখন আপনাদেরকে তথ্য দেই তখন আপনারা গ্রেপ্তার করেন না। এর জবাবে পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, আপনাদের নিজের শত্রুকেই এখন ফ্যাসিস্ট বানিয়ে দিচ্ছেন। যাকে আপনাদের পছন্দ হয় না, তাদেরকেই ফ্যাসিস্ট বানিয়ে দিচ্ছেন।

পুলিশ সুপার ওই ছাত্রদল নেতাকে বলেন, ৫ আগস্টের পরে দেশে কোনো পুলিশ ছিল না। এই পুলিশ ঘুরিয়ে দাঁড়িয়েছে। এখনও ফ্যাসিস্টের লোকজন তো আছেই পুলিশে। গত ১৭ বছর বিভিন্ন ডিপার্টমেন্টগুলোকে শেষ করে দেওয়া হয়েছে। মাত্র ৪ মাস এই সরকারের বয়স। সরকারকে সময় দিতে হবে।

পুলিশ সুপার আরও বলেন, দেশে বিচার হচ্ছে- ইতোমধ্যেই হাসিনার এবং স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ পুলিশের হাবিবের ফাঁসির রায় হয়েছে। একটু অপেক্ষা করেন। আমি নিজেই অনেকের বিরুদ্ধে চার্জশিট দিয়ে এসেছি ঢাকায়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মিজ রোজি আক্তার, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরিফ আজগর/এসএইচএ