প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেছেন, এখন সাংবাদিকতার সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া তথ্য মোকাবিলা করা। এজন্য ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়ানোর পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রযুক্তিকে দায়িত্বশীলভাবে কাজে লাগাতে হবে। সাংবাদিকতা যদি তার হারানো মর্যাদা, সততা ও জনআস্থা পুনরুদ্ধার করতে না পারে, তবে ভবিষ্যতে দেশ আরও বড় সংকটের মুখে পড়তে পারে।
শুক্রবার (১৭ জুলাই) বিকালে রাজশাহী জেলা সমবায় কার্যালয়ের সম্মেলন কক্ষে রাজশাহী জেলার সাংবাদিকদের জন্য আয়োজিত ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, বিভ্রান্তি ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়িয়ে দেওয়ার প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। অনেক সময় মূলধারার গণমাধ্যমও বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠীর প্রভাবে ভুল তথ্য প্রকাশ করছে। এর পেছনে 'কনফার্মেশন বায়াস' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মানুষ আগে থেকেই যে তথ্য বিশ্বাস করতে চায়, সেটিই সহজে গ্রহণ ও ছড়িয়ে দেয়। ফলে ব্যক্তি, প্রতিষ্ঠান, আমলাতন্ত্র, রাজনৈতিক নেতা, বিশেষ করে নারী নেত্রীরা অপপ্রচারের শিকার হচ্ছেন।
পিআইবির কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, প্রায় দুই দশক ধরে নতুন নিয়োগ না হলেও নিজস্ব জনবল দিয়েই প্রতিষ্ঠানটি সারা দেশে সাংবাদিক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। গত ডিসেম্বরের আগেই প্রায় ৬০টি জেলা প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। নির্বাচনি সাংবাদিকতা প্রশিক্ষণের সময় রাজশাহী, চট্টগ্রাম ও বগুড়াসহ গুরুত্বপূর্ণ কেন্দ্রে একযোগে প্রশিক্ষণ পরিচালনা করা হয়েছে।
রাজশাহীর প্রশংসা করে তিনি বলেন, এটি বাংলাদেশের অন্যতম মার্জিত ও সভ্য শহর। এখানকার সাংবাদিকরা শুধু সংবাদকর্মী নন, তারা সমাজের গভীর পর্যবেক্ষক এবং সাহিত্যচর্চার সঙ্গেও সম্পৃক্ত।
তিনি আরও বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী পিআইবিকে একটি একাডেমিক এক্সিলেন্স সেন্টারে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে এখানে মাস্টার্স, ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্স চালুর পরিকল্পনা রয়েছে। এছাড়া বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানও পিআইবির প্রশিক্ষণ কার্যক্রমে আগ্রহ দেখাচ্ছে।
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সবুর আলী। কর্মশালায় রাজশাহীর বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।
শাহিনুল আশিক/এমএমবি
