সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিদের যথাযথ সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে তারাও দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। প্রতিবন্ধীরা সমাজের সমান অধিকারসম্পন্ন মানুষ। তাদের পরিবার বা সমাজের বোঝা হিসেবে নয়, বরং দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে। প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও সহায়তা নিশ্চিত করা গেলে তারাও দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
শুক্রবার (১৭ জুলাই) মাগুরার মহম্মদপুর উপজেলার মধুমতি সেতু সংলগ্ন জাঙ্গালিয়া গ্রামের অটিস্টিক প্রতিবন্ধী বিদ্যালয়ে আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিতাই রায় চৌধুরী আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তাদের স্বাবলম্বী করে গড়ে তুলতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, প্রশিক্ষণ এবং নানা ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে, যাতে তারা পরিবারের ওপর নির্ভরশীল না থেকে আত্মনির্ভরশীল জীবন গড়ে তুলতে পারেন। প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে সরকারের আন্তরিকতার অংশ হিসেবে চলতি অর্থবছরের বাজেটে এ খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে অটিস্টিক প্রতিবন্ধী বিদ্যালয়টির সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. সুজন মিয়ার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ (অব.) মোহাম্মদ মতিউর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, মহম্মদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ, কাজী সালিমা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস. এম. ইউনুস আলী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ড. এম. এম. রইস উদ্দিন, বিএনপি নেতা নজরুল ইসলাম, ধোয়াইল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক তরিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সংস্কৃতিমন্ত্রী। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ফগার মেশিন, স্প্রে মেশিন ও সেলাই মেশিন উপকারভোগীদের হাতে তুলে দেন তিনি।
তাছিন জামান/এমএন
