বিজ্ঞাপন

লুঙ্গি পরে মাদককারবারিদের ধাওয়া দিলেন কুমিল্লার এমপি জসীম

লুঙ্গি পরে মাদককারবারিদের ধাওয়া দিলেন কুমিল্লার এমপি জসীম

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী একটি গ্রামে দলবদ্ধ হয়ে মাদকসেবী ও মাদকব্যবসায়ীরা জমায়েত হওয়ার গোপন খবরে লুঙ্গি পরেই তাদের ধাওয়া দিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসীম উদ্দিন।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলার ভারত সীমান্তবর্তী আশাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সংসদ সদস্যের ধাওয়ায় ১টি মোটরসাইকেল ফেলে পালিয়ে যান মাদককারবারিরা।

স্থানীয়রা জানান, ভারত সীমান্তের কাছে আশাবাড়ি এলাকায় সড়কের ওপর প্রকাশ্যে মাদকের কারবার চলে। স্থানীয় লোকজন বাধা দিলে তাতে মাদককারবারিরা তাদের ওপর চড়াও হন। এতে ভয়ে আর মুখ খোলেন না কেউ। ওই এলাকায় প্রকাশ্যে মাদকের কারবার যেন একটি চিরাচরিত ঘটনা হয়ে গেছে।

শুক্রবার দুপুরে স্থানীয়দের মাধ্যমে গোপনে মাদক কারবারিদের জমায়েত হওয়ার খবর পান সংসদ সদস্য জসীম উদ্দিন। পরে তিনি তার ব্যক্তিগত রয়েল এনফিল্ড বাইক নিয়ে তার সঙ্গে এক সহকারীকে নিয়ে আশাবাড়ি এলাকায় ছুটে যান লুঙ্গি পরেই।

dhakapost

এ সময় আশাবাড়ি সড়কের ওপর ৭-৮টি মোটরসাইকেলে করে বিভিন্ন এলাকা থেকে আসা মাদক কারবারিদের জমায়েত দেখতে পান সংসদ সদস্য। পরে তাদের ধাওয়া দিলে হুমড়ি খেয়ে পালিয়ে যান তারা। ধাওয়া খেয়ে পালাতে গিয়ে একটি মোটরসাইকেল ফেলে রেখে যান মাদক কারবারিরা। পরে পুলিশকে ফোন করেন সংসদ সদস্য জসীম উদ্দিন।

পুলিশ ঘটনাস্থলে এলে সেই মোটরসাইকেলটি হস্তান্তর করেন সংসদ সদস্য। পুলিশ মোটরসাইকেল নিয়ে আসে থানায়। একইসময়ে আশাবাড়ি সড়কে সন্দেহজনক ঘুরাফেরা করায় নবীনগর উপজেলা থেকে আসা দুই যুবককে থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন সংসদ সদস্য। এ দুই যুবকের সঙ্গে থাকা মোটরসাইকেল এবং দুই যুববকেও পুলিশকে বুঝিয়ে দেন সংসদ সদস্য। পরে পুলিশ জিজ্ঞাসাবাদ করে ওই দুই যুবককে ছেড়ে দেয়।

এদিকে, মাদক কারবারিদের ধাওয়া এবং মোটরসাইকেল জব্দ ও দুই যুবকের সন্দেহজনক উপস্থিতির জিজ্ঞাসাবাদসহ পুরো ঘটনার একটি ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেন সংসদ সদস্য জসীম উদ্দিন। তার মাদকবিরোধী এমন কাজকে প্রশংসার চোখে দেখছেন সর্বস্তরের মানুষ। শতশত মানুষ সংসদ সদস্য জসীম উদ্দিনকে ধন্যবাদ দিয়ে তার ওই ভিডিওটি শেয়ার ও কমেন্ট করতে দেখা গেছে।

এ বিষয়ে সংসদ সদস্য জসীম উদ্দিন বলেন, আমার নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম এবং প্রধান ওয়াদা ছিল আমার এলাকাকে মাদকমুক্ত করব। আমার নির্বাচনী এলাকাটি বর্ডার বেইসড হওয়ায় এখানে মাদকের ভয়াবহতা অনেক বেশি। তারই অংশ হিসেবে আমি বেশকিছু এলাকায় রাতবিরেতেও মাদকবিরোধী অভিযান চালিয়েছি। আমার এলাকায় হয় মাদক কারবারিরা থাকবে, নতুবা আমি। মাদকের বিরুদ্ধে আমার জিহাদ চলবেই।

আরিফ আজগর/এমএন

বিজ্ঞাপন