বিজ্ঞাপন

কৃষক কার্ডের তথ্য সংগ্রহে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত কৃষি কর্মকর্তা

কৃষক কার্ডের তথ্য সংগ্রহে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত কৃষি কর্মকর্তা

নোয়াখালীর বেগমগঞ্জে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ করতে গিয়ে ট্রাকের চাপায় আব্দুর রহমান সুমন নামে এক উপসহকারী কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন।

শনিবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার একলাশপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান সুমন চৌমুহনী পৌরসভার উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দেশব্যাপী কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম গত ১৬ জুলাই থেকে শুরু হয়েছে। এরই অংশ হিসেবে শনিবার সকালে মোটরসাইকেলে করে তথ্য সংগ্রহের কাজে বের হন আব্দুর রহমান। একলাশপুর বাজার এলাকায় পৌঁছালে একটি ট্রাক ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তিনি নিহত হন।

প্রত্যক্ষদর্শী আবদুল কাদের বলেন, দুর্ঘটনার পরপরই আমরা দৌড়ে গিয়ে দেখি মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেছে। লোকজন তাকে বাঁচানোর চেষ্টা করলেও তখন আর কিছু করার ছিল না।

বেগমগঞ্জ উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আবু হানিফ বলেন, সারাদেশে চলমান কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমে আমাদের উপজেলার আটজন কর্মকর্তা মাঠে কাজ করছিলেন। তাদের মধ্যে উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রহমান সুমনও ছিলেন। শনিবার সকালে তিনি কৃষকদের তথ্য সংগ্রহের উদ্দেশ্যে মাঠে বের হন। দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। একজন নিষ্ঠাবান ও কর্মঠ সহকর্মীকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রহমান সুমন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরকে

বিজ্ঞাপন