সংস্কৃতিকে রাজনৈতিক বা দলীয় স্বার্থে নয়, বরং তার নিজস্ব বৈশিষ্ট্য ও ঐতিহ্যের ভিত্তিতে বিকশিত করার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
শনিবার (১৮ জুলাই) বেলা ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমিতে একুশে পদকপ্রাপ্ত ও দেশবরেণ্য চিত্রশিল্পী মনসুর উল করিমের ৭৬তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, জনসাধারণের মনস্তত্ত্ব গড়ে তোলার দায়িত্ব যে সংস্কৃতি মন্ত্রণালয়ের ওপর ছিল, সেটি এক সময় যথাযথভাবে পালন করা হয়নি। সংস্কৃতিকে হীন, রাজনৈতিক ও দলগত স্বার্থে ব্যবহার করা হয়েছে। আমরা সেই ধারা থেকে বেরিয়ে এসে সংস্কৃতিকে তার নিজস্ব গতিতে চলার সুযোগ করে দিতে চাই।
তিনি আরও বলেন, বাংলাদেশের সমৃদ্ধ শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের ভিত্তিতে নতুন প্রজন্মের জন্য একটি শক্তিশালী সাংস্কৃতিক ধারা গড়ে তুলতে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী সংস্কৃতির বিকাশে বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন এবং সেই আলোকে সংস্কৃতি-সংশ্লিষ্ট সব কার্যক্রম ঢেলে সাজানো হচ্ছে।
প্রতিমন্ত্রী জানান, সংস্কৃতি মন্ত্রণালয় বর্তমানে আইন, বিধি-বিধান, ব্যবস্থাপনা ও নীতিগত সংস্কারের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নেও গুরুত্ব দিচ্ছে। শিল্পের প্রতিটি ক্ষেত্রে প্রশিক্ষণ ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে শিল্পীদের দক্ষতা বাড়িয়ে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, রাজবাড়ীতেও শিল্প ও সংস্কৃতির বিকাশে একাধিক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে শিল্পকলা একাডেমির উন্নয়ন, অ্যাক্রোবেটিকস সেন্টার, নতুন কালচারাল কমপ্লেক্স নির্মাণ এবং জাদুঘর প্রতিষ্ঠাসহ বিভিন্ন উদ্যোগ। এসব বাস্তবায়নের মাধ্যমে দেশের সাংস্কৃতিক অঙ্গনে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সম্প্রতি চীনের আনহুই প্রদেশে রাষ্ট্রীয় সফরের অভিজ্ঞতা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সেখানে শিল্প-সাহিত্যের পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন তাকে মুগ্ধ করেছে। সফরকালে গভর্নর, সিটি মেয়র, বিভিন্ন সরকারি কর্মকর্তা ও সাংস্কৃতিক ব্যাক্তিত্বের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
তিনি বলেন, চীন থেকে আমরা অনেক নতুন ধারণা নিয়ে এসেছি। সেগুলো বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির উন্নয়নে কাজে লাগানো হবে। আমাদের শিল্প-সাহিত্যের উপাদান বিশ্বের উন্নত দেশগুলোর তুলনায় কোনো অংশে কম নয়। তবে পৃষ্ঠপোষকতা ও নিয়মিত চর্চার অভাব রয়েছে। সেই ঘাটতি দূর করে দেশে শিল্প ও সংস্কৃতির নতুন দিগন্ত উন্মোচন করতে আমরা কাজ করছি।
এর আগে চিত্রশিল্পী মনসুর উল করিম স্মৃতি সংসদের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির সামনে বেলুন উড়িয়ে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। পরে তিনি কেক কেটে একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য চিত্রশিল্পী মনসুর উল করিমের ৭৬তম জন্মবার্ষিকী উদযাপন করেন।
এ সময় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবিএম মঞ্জুরুল আলম দুলাল, চিত্রশিল্পী মনসুর করিম স্মৃতি সংসদের আহ্বায়ক খোকন মাহমুদ, সদস্য সচিব আজিজা খানম, উপদেষ্টা চৌধুরী আহসানুল করিম হিটু, নূরুল হক আলম,
জেলা কালচারাল অফিসার সুজিত কুমার সাহা, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের আহ্বায়ক কবি সালাম তাসির, রাজবাড়ী বাংলা একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমানসহ চিত্রশিল্পী মনসুর করিম স্মৃতি সংসদের অন্যান্য সদস্য, বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মীর সামসুজ্জামান সৌরভ/আরএআর
