শেরপুরের নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার চেল্লাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার বাঘবের খড়িয়াপাড়া গ্রামের একদিল হোসেনের ছেলে অটোরিকশাচালক কামরুল হোসেন (৪০) এবং সালেহাবাদ কৃষ্ণপট্টি এলাকার আব্দুস সাত্তারের ছেলে শহিদুল ইসলাম (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা থেকে নালিতাবাড়ী শহরে পৌঁছান শহিদুল ইসলাম। পরে অটোরিকশাযোগে তিনি পাঁচগাঁও সাগরদী কৃষ্ণপট্টিতে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেন। পথে শেরপুর-নালিতাবাড়ী সড়কের চেল্লাখালী এলাকায় বাঘবেড় ইউনিয়ন পরিষদের সামনে সড়কের পাশে রাখা বালুর স্তূপে অটোরিকশাটি ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ও যাত্রীর মৃত্যু হয়।
পরে স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও দুইজনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সরিফ হোসেন বলেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ থানায় রাখা হয়েছে, ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। একইসঙ্গে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
মো. নাইমুর রহমান তালুকদার/এমএমবি
