বিজ্ঞাপন

ফরিদপুরে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১

ফরিদপুরে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১

ফরিদপুরে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগে আতিয়ার দর্জি (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)।

শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের আজিমনগর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (১৮ জুলাই) দুপুরে র‍্যাব-১০-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত আতিয়ার দর্জি ভাঙ্গা উপজেলার আজিমনগর গ্রামের আব্দুল বাকী দর্জির ছেলে। এ সময় তার কাছ থেকে একটি ব্যক্তিগত মাইক্রোবাস, ৭টি মোবাইল ফোন, ৫টি এটিএম কার্ড এবং নগদ ৮ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়।

র‍্যাব জানায়, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিদের ছবি ও নাম ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলত। পরে ওই অ্যাকাউন্ট থেকে বিভিন্ন সরকারি কর্মকর্তা ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করে প্রভাব বিস্তার এবং অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা চালানো হতো। বিষয়টি সংশ্লিষ্টদের নজরে এলে তারা নিশ্চিত হন, এসব অ্যাকাউন্টের সঙ্গে প্রকৃত কর্মকর্তাদের কোনো সম্পৃক্ততা নেই।

এ ঘটনায় ডিএমপির শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় র‍্যাব-১০ অভিযান চালিয়ে আতিয়ার দর্জিকে গ্রেপ্তার করে।

র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার ব্যক্তিকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মে পরিচয় নিশ্চিত না হয়ে কাউকে অর্থ লেনদেন বা গুরুত্বপূর্ণ তথ্য দিলে প্রতারণার ঝুঁকি থাকে। তাই এ ধরনের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

জহির হোসেন/এমএমবি