বিজ্ঞাপন

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল চোরের

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল চোরের

মাগুরা সদর উপজেলার চাঁদপুর পশ্চিম পাড়া এলাকায় একটি মাঠের মধ্যে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ফিরোজ বিশ্বাস (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) রাতে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি একই এলাকার বিশারদ বিশ্বাসের ছেলে। তিনি পেশায় একজন নসিমন চালক।

ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় ট্রান্সফরমার চুরি করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। শনিবার সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা আজমল বিশ্বাস বলেন, বিদ্যুতের খুঁটির নিচে ফিরোজের মরদেহ পড়ে ছিল। পাশে ট্রান্সফরমার চুরির বিভিন্ন যন্ত্রপাতিও পাওয়া যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে।

মাগুরা সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আতাউল গনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফিরোজ বিশ্বাসের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট  সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

তাছিন জামান/এসএইচএ