বিজ্ঞাপন

রংপুরে বিনামূল্যে শতাধিক শিশুর গণসুন্নতে খতনা

রংপুরে বিনামূল্যে শতাধিক শিশুর গণসুন্নতে খতনা

রংপুর নগরীতে অসহায় ও দরিদ্র পরিবারের শতাধিক শিশুর বিনামূল্যে গণসুন্নতে খাতনা করানো হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর জুম্মাপাড়ায় সাবেক কাউন্সিলরের কার্যালয়ে দিনব্যাপী এই সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জুম্মাপাড়া সচেতন নাগরিক কমিটির উদ্যোগে এবং সাবেক কমিশনার মরহুম ছোট মুসলিমের স্মরণে ১০ম বারের মতো এই আয়োজন করা হয়।

শনিবার বেলা সাড়ে ১১টায় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান ও মহানগর বিএনপির আহ্বায়ক মো. সামসুজ্জামান সামু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা বিএনপির সদস্য লিটন পারভেজ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আর্থিক সংকটে থাকা পরিবারের শিশুদের জন্য এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে। ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেন আয়োজকরা।

আয়োজকরা জানান, শনিবার দিনব্যাপী চলা এই কর্মসূচিতে এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের অন্তত ১০০ শিশুর সুন্নতে খতনা সম্পন্ন করা হয়েছে। খতনা শেষে প্রতিটি শিশুকে লুঙ্গি, গেঞ্জি, গামছা এবং প্রয়োজনীয় খাবারসহ সবধরনের ওষুধ বিনামূল্যে দেওয়া হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক রাজিব চৌধুরী, জাসাসের রংপুর জেলা শাখার আহ্বায়ক নুরুজ্জামান মানিক, জেলা যুবদলের সহসভাপতি বিপ্লব হোসেন বিটু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক এ্যাপোলো চৌধুরী, দেউতি আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা রাশেদুল ইসলাম রাশেদ, শিক্ষক মজিনুর রহমান মানিক, আলমগীর বাদশা বাবলু চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ফরহাদুজ্জামান ফারুক/এএমকে