ভোলা সদরে দুটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৮) ভোলা ক্যাম্প। এ সময় চিকিৎসার উপযুক্ত পরিবেশ ও কাগজপত্র ঠিক না থাকায় ডায়াগনস্টিক সেন্টারগুলো ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৮ জুলাই) দুপুরের দিকে র্যাব-৮-এর সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা মো. জয়নাল আবেদীন।
ডায়াগনস্টিক সেন্টার ২টি হলো—আস-সুন্নাহ জেনারেল হাসপাতাল ও যমুনা মেডিকেল সার্ভিসেস।

র্যাব-৮-এর ভোলা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. আবুল কালাম আজাদ বলেন, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে সকাল থেকে দুপুর পর্যন্ত ২টি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র ও চিকিৎসাসেবার উপযুক্ত পরিবেশ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় প্রতিটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে র্যাবের অভিযান চলমান থাকবে।
মো.খাইরুল ইসলাম/এমএমবি
