বিজ্ঞাপন

পাবনায় আ. লীগ নেতাকে গলা কেটে হত্যা

পাবনায় আ. লীগ নেতাকে গলা কেটে হত্যা

পাবনার আতাইকুলায় আব্দুস শুকুর (৪০) নামে এক স্থানীয় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

‎শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে থানার ভূলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

‎নিহত শুকুর রতনপুর গ্রামের মৃত রোকন প্রামানিকের ছেলে। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। 

‎পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হন শুকুর। পরে রাত ১২টাও বাড়িতে না আসায় পরিবারের সন্দেহ হয়। স্থানীয় লোকজন ও আত্মীয় স্বজনদের বাড়িতে ফোন দিয়ে কোনো খোঁজখবর পাওয়া যায় না। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে রতনপুর এলাকার উজিরের বাগানের জঙ্গলের মধ্যে গলা কাটা পরদেহ পরে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেয়।‎

‎ভূলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু ইউনুসের ছেলে রুমি হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আব্দুস শুকুর ভূলবাড়িয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।

‎‎আতাইকুলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসছি। গলা কাটা মরদেহ পাওয়া গেছে। উদ্ধার করে পাবনা হাসপাতালের মর্গে পাঠানো হবে। কি কারণে হত্যা হয়েছে এখনো জানা সম্ভব হয়নি। রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

‎তুহিন মোল্লা/এএমকে