বিজ্ঞাপন

দোকান খুলে কারিগরের ঝুলন্ত মরদেহ পেলেন মালিক

দোকান খুলে কারিগরের ঝুলন্ত মরদেহ পেলেন মালিক

চাঁদপুরের হাইমচর উপজেলার আলগী বাজারে ‘নিউ মাতৃ শিল্পালয়’ নামের একটি স্বর্ণের দোকান থেকে বিজয় চন্দ্র ঘোষ (৪৫) নামে এক কারিগরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) সকালে দোকানের গোডাউন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

​নিহত বিজয় চন্দ্র ঘোষ মতলব উত্তর উপজেলার নায়েরগাঁও এলাকার জহর লাল চন্দ্র ঘোষের ছেলে। তিনি গত দুই বছর ধরে হাইমচর উপজেলার আলগী বাজারস্থ আলিফ গোল্ড মার্কেটের নিউ মাতৃ শিল্পালয়ে কারিগর হিসেবে কর্মরত ছিলেন এবং দোকানেই রাত্রিযাপন করতেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই রাত ১০টার দিকে দোকানের মালিক ও ভিকটিমের শ্যালক বিকম চন্দ্র ঘোষ দোকান বন্ধ করে বাড়িতে যান। এরপর শনিবার সকালে দোকান খুলতে এসে বিকম চন্দ্র দেখেন দোকানের সাটার খোলা এবং গেট তালাবদ্ধ। তিনি ভেতরে বিজয় চন্দ্রকে ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। পরে বিকল্প চাবি দিয়ে ভেতরে ঢুকে দেখতে পান, সিলিং ফ্যানের সাথে নাইলনের রশিতে বিজয় চন্দ্রের মরদেহ ঝুলছে। ​খবর পেয়ে হাইমচর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

​হাইমচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আনোয়ারুল হক/আরএআর 

বিজ্ঞাপন