বিজ্ঞাপন

‘রাজবাড়ীতে ৪০ কোটি টাকায় নির্মাণ হবে আধুনিক কালচারাল কমপ্লেক্স’

‘রাজবাড়ীতে ৪০ কোটি টাকায় নির্মাণ হবে আধুনিক কালচারাল কমপ্লেক্স’

রাজবাড়ীতে ৪০ কোটি টাকার বেশি ব্যয়ে একটি আধুনিক কালচারাল কমপ্লেক্স নির্মাণ করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি। তিনি বলেন, চলতি অর্থবছরেই এ প্রকল্পের কাজ শুরু হওয়ার আশা করা হচ্ছে।

শনিবার (১৮ জুলাই) দুপুর ১২টায় রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমিতে একুশে পদকপ্রাপ্ত ও দেশবরেণ্য চিত্রশিল্পী মনসুর উল করিমের ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, বর্তমান রাজবাড়ী শিল্পকলা একাডেমি আকারে ছোট এবং ব্যবহার উপযোগিতা অনেকটাই হারিয়েছে। তাই সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে আজাদী ময়দানের হোসনাবাদ হল ভেঙে সেখানে আধুনিক কালচারাল কমপ্লেক্স নির্মাণ করা হবে। এতে থাকবে বড় ও ছোট মিলনায়তন, সিনেপ্লেক্স, ফুড কোর্ট, লাইব্রেরি এবং শিশু-কিশোরদের প্রশিক্ষণের জন্য পৃথক কক্ষ। প্রকল্পটির জন্য ইতোমধ্যে ৪০ কোটি টাকার বেশি বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, রাজবাড়ীর দীর্ঘদিন বন্ধ থাকা অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্রকে পুনরুজ্জীবিত করতে সরকার কাজ করছে। সম্প্রতি চীন সফরে দেশটির রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে উন্নত প্রশিক্ষণের বিষয়টি আলোচনা হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ৬ আগস্ট রাজবাড়ীর ২০ জন শিশুদল চীনে দুই মাসের অ্যাক্রোবেটিক প্রশিক্ষণে যাবে।

সংস্কৃতি প্রতিমন্ত্রী জানান, রাজবাড়ী শিল্পকলা একাডেমির সাউন্ড সিস্টেমসহ বিভিন্ন উন্নয়ন কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এছাড়া উডহেড পাবলিক লাইব্রেরির সংস্কারের জন্য ১৫ লাখ টাকা এবং রেলওয়ে মাঠসংলগ্ন গ্রন্থাগারকে দ্বিতল ভবনে উন্নীত করতে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি বলেন, রাজবাড়ীতে বহু প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে। এসব সংরক্ষণের লক্ষ্যে জেলায় একটি জাদুঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ বিষয়ে মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে।

আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, আমি চাই রাজবাড়ী সংস্কৃতিচর্চায় বাংলাদেশের অন্যতম সেরা জেলা হিসেবে গড়ে উঠুক। এজন্য সরকার শিল্প-সাহিত্য ও সংস্কৃতির বিকাশে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। অভিভাবকদেরও সন্তানদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এগিয়ে আসতে হবে।

মীর সামসুজ্জামান সৌরভ/এসএইচএ