বিজ্ঞাপন

জামালপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা

জামালপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা

জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) ভোর রাতে এ ঘটনা ঘটে।

শনিবার দুপুরের দিকে ‘আল-সাদিক হৃদয়’ নামের একটি ফেসবুক আইডি থেকে ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে কয়েকজনকে জ্বলন্ত কাপড় স্মৃতি স্তম্ভের দিকে নিক্ষেপ করতে দেখা যায়। এরপর সেখানে আগুন জ্বলতে দেখা যায়।

এ ঘটনায় জামালপুর জেলা ছাত্রশক্তির নেতা আমিনুল এহসান বলেন, আজ তারা শুধু জুলাই স্মৃতিস্তম্ভে নয়, বাংলাদেশের হৃদপিণ্ডে আগুন দিয়েছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে। প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। 

সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের আহ্বায়ক সরোয়ার হোসেন বলেন, গত ৯ জুন নেত্রকোনার জুলাই স্মৃতিস্তম্ভেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল। এরপর কয়েকদিন পাহারা দেওয়া হলেও প্রতিদিন তা সম্ভব নয়। এ ধরনের স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এমন ঘটনা ঘটছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, তদন্ত ছাড়া এ বিষয়ে কোনো মন্তব্য করা সম্ভব নয়।

বাঁধন হোসেন/এমএমবি