বিজ্ঞাপন

ফেসবুকে চটকদার বিজ্ঞাপন

বছরে কোটি টাকার ভেজাল ওষুধের কারবার, মূলহোতাসহ গ্রেপ্তার ৩

বছরে কোটি টাকার ভেজাল ওষুধের কারবার, মূলহোতাসহ গ্রেপ্তার ৩

নাটোরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চটকদার বিজ্ঞাপন দিয়ে ভেজাল ও অনুমোদনহীন ওষুধ বিক্রির অভিযোগে একটি অবৈধ কারখানায় অভিযান চালিয়ে মূল হোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রায় ১২ লাখ টাকা মূল্যের যন্ত্রপাতি, বিপুল পরিমাণ ভেজাল ওষুধ ও কাঁচামাল জব্দ করা হয়।

রোববার (১৯ জুলাই) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। 

এরআগে, শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের পার আটঘরিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- পার আটঘরিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে খোকন মিয়া (২৮), একই গ্রামের খবির হোসেনের ছেলে শরিফুল ইসলাম (২৮) এবং আওরাইল দক্ষিণপাড়া গ্রামের সফিকুল ইসলামের ছেলে তারিকুল ইসলাম (২৪)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, খোকন মিয়া প্রায় এক বছর ধরে ভেজাল ওষুধ উৎপাদন ও বিক্রির সঙ্গে জড়িত। তিনি ফেসবুকে ‘এসকে নিউট্রিশন’ ও ‘অর্গানিক বায়ো কেয়ার সলিউশন’ নামে দুটি পেজ খুলে অনুমোদনহীন ওষুধের প্রচার চালাতেন। অনলাইনে দেশের বিভিন্ন এলাকায় এসব ওষুধ বিক্রি করে বছরে প্রায় ৮০ থেকে ৯০ লাখ টাকা আয় করতেন। যৌন উত্তেজকসহ প্রায় ৪০ ধরনের বিভিন্ন রোগের ভেজাল ওষুধ তৈরি ও বাজারজাত করতেন তিনি।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ কারখানাটি থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভুয়া প্রতিষ্ঠানের নামে কোনো ধরনের সরকারি অনুমোদন বা লাইসেন্স ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে ওষুধ উৎপাদনের কথা স্বীকার করেছেন বলে জানায় পুলিশ।

অভিযানে জব্দ করা সরঞ্জামের মধ্যে রয়েছে ক্যাপসুল তৈরির অত্যাধুনিক মেশিন (এনজিপি-১ ২০০), পাঁচটি ট্যাবলেট প্রেস মেশিন, ব্লেন্ডিং ও ড্রায়ার মেশিনসহ ১০ ধরনের যন্ত্রপাতি, কম্পিউটার, ল্যাপটপ ও মোবাইল ফোন। এছাড়া কয়েকশ কেজি যৌন উত্তেজক ক্যাপসুল, ট্যাবলেট, বিভিন্ন রাসায়নিক কাঁচামাল এবং বাজারজাতের জন্য প্রস্তুত অ্যালার্জি ও চর্মরোগের নকল মলম ও ক্যাপসুল উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার বলেন, এসব ভেজাল ওষুধ সাময়িকভাবে উপকার দিলেও দীর্ঘমেয়াদে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। ‘ওষুধি গ্রাম’ এর সুনামকে পুঁজি করে একটি চক্র এ ধরনের অপরাধ চালিয়ে আসছিল। এদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে অনলাইনে ওষুধ কেনার ক্ষেত্রে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) উদয় কুমার সাহা, জেলা ডিবি পুলিশের ওসি নজরুল ইসলামসহ জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

আশিকুর রহমান/‎এসএইচএ