বিজ্ঞাপন

পানিসম্পদ প্রতিমন্ত্রী

‘সারের সংকট নেই, কারসাজির চেষ্টা হলে আইনের হাতে তুলে দিন’

‘সারের সংকট নেই, কারসাজির চেষ্টা হলে আইনের হাতে তুলে দিন’

দেশে বর্তমানে সারের কোনো সংকট নেই। বিগত সরকারের মতো কেউ যদি সার নিয়ে কারসাজি করার চেষ্টা করে, তবে সে যে দলেরই হোক না কেন, তাকে আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

রোববার (১৯ জুলাই) দুপুরে পঞ্চগড়ের বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে কৃষি ঋণ মওকুফের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকার কৃষকদের নিয়ে চিন্তা করেনি। তারা শুধু ব্যক্তি স্বার্থ নিয়ে ব্যস্ত ছিল। বর্তমান সরকার প্রথম মন্ত্রিসভার বৈঠকেই ক্ষুদ্র কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে। জিয়াউর রহমান দেশে ইরি ধান চাষের প্রসার ঘটিয়েছিলেন। পরে বেগম খালেদা জিয়াও ৫ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছিলেন। আমরা ঋণ মওকুফের ক্ষেত্রে কোনো দলমত বিবেচনা করিনি।

তিনি আরও বলেন, এই ঋণের কারণে অনেক কৃষক হয়রানি ও মামলার শিকার হয়েছেন। ঋণ মওকুফের মাধ্যমে তারা এখন সেই বোঝা থেকে মুক্তি পেলেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বিভিন্ন ব্যাংকের মাধ্যমে কৃষকদের হাতে ঋণ মওকুফের সনদ তুলে দেন। পাশাপাশি প্রত্যেক কৃষককে পাঁচটি করে গাছের চারা বিতরণ করা হয়।

জানা যায়, বোদা উপজেলার ৫ হাজার ৮৯২ জন কৃষক এ কর্মসূচির আওতায় ঋণ মওকুফের সুবিধা পেয়েছেন। আর পঞ্চগড় জেলার মোট ২০ হাজার ৬৭১ জন কৃষক এ সুবিধা পাবেন।

অনুষ্ঠানের শুরুতে গম্ভীরা পরিবেশনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি এবং সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নুর হাসান/‎এসএইচএ